১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্মি ক্যাম্প’ ধরনের ফিটনেস ট্রেনিং করে সফল পান্ডিয়া

বড় সিরিজ বা বড় টুর্নামেন্টের আগে আর্মি ক্যাম্পের মতো করে নিবিড়ভাবে ফিটনেস ট্রেনিং করে নিজেকে তৈরি করেন বলে জানালেন ভারতীয় অলরাউন্ডার।

‘আর্মি ক্যাম্প’ ধরনের ফিটনেস ট্রেনিং করে সফল পান্ডিয়া
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হার্দিক পান্ডিয়া। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 10:37 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বড় টুর্নামেন্ট বা সিরিজের আগে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকেন অনেক ক্রিকেটারই। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে সেই প্রস্তুতির অনেকটা জুড়ে থাকে ফিটনেস পর্ব। নিবিড়ভাবে ফিটনেস নিয়ে কাজ করেন তিনি, সেখানে দুই বেলা ঘাম ঝরিয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মতোই তৈরি করেন নিজের শরীর। নামিবিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়ে সেই গল্প শোনালেন ভারতীয় অলরাউন্ডার।

পান্ডিয়া ও চোট একসময় প্রায় সমার্থক হয়ে উঠেছিল। এখন তা অনেকটাই কাটিয়ে উঠেছেন। যদিও নানা চোটের চোখরাঙানি এখনও আছে, বিশেষ করে পিঠের সেই চোট, যা তাকে দীর্ঘদিন ধরে বাইরে রেখেছে বড় দৈর্ঘ্যের ক্রিকেট থেকে। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখন মোটামুটি নিয়মিতই খেলছেন তিনি ও দলীয় ভারসাম্যের জন্য হয়ে উঠছেন গুরুত্বপূর্ণ একজন।

এবারের বিশ্বকাপের শুরুটা তার ভালো হয়নি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ে ৫ রানে আউট হওয়ার পর বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে দুই ভূমিকাতেই তিনি সফল।

ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো শরীরের অবস্থা। তার ক্ষেত্রে চোটের ভয় তো থাকেই। তবে তিনি শোনালেন, ফিটনেসের দিক থেকে এখন দারুণ অবস্থায় আছে। শোনালেন সেটির পেছনের গল্পও।

“শরীর খুব ভালো অবস্থায় আছে। সবসময় বলেছি, এটির জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়, যা আমি উপভোগ করি। দেশের হয়ে খেলা সবসময়ই গর্বের, সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার। এজন্য বাড়তি পরিশ্রমের প্রয়োজন, যা আমি করি। পর্দার আড়ালে অনেক কাজ করতে হয়, অনেকটা আর্মিতে যাওয়ার মতো… আর্মির ক্যাম্পের মতো, যেখানে আমি সকালে ও বিকেলে আলাদা সেশন করি, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।”

“যখনই বড় কোনো সিরিজ বা বড় টুর্নামেন্ট আসে, এর ঠিক আগে নিজেকে এক মাস বা এরকম সময় দিই এবং এরকম রুটিন মেনে চলি। নিশ্চিত করি যেন খাওয়া ভালো থাকে, শুগ পর্যাপ্ত হয়, ভালো অভ্যাসগুলো যেন মেনে চলি। এসব আমাকে সবসময়ই দারুণ একটা ছন্দ দেয় এবং পাশাপাশি, খেলার সময় শরীর পোক্ত থাকে।”

নামিবিয়ার বিপক্ষে এ দিন চারটি করে ছক্কা ও চারে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন পান্ডিয়া। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিকে করেছিলেন ১৭ বলে ৪২। এর আগের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে করেছিলেন ২৮ বলে ৫৯, আরেকটি ২৫ বলে ৬৩। 

নামিবিয়ার বিপক্ষে পরে বল হাতে দুটি উইকেটও নিয়েছেন। তবে ব্যাটিংয়ের সাফল্যে তার নিজের ভালোলাগার জায়গাটা বেশি। 

“অলরাউন্ডার হিসেবে সবসময়ই নিজের ব্যাটিংয়ে গর্ব খুঁজে নেই। যখনই সুযোগ পাই, চেষ্টা করি দুটি স্কিলই ভালোভাবে সামলাতে। আগেও সবসময় বলেছি, ব্যাটিং আমার হৃদয়ের খুব কাছের। যখন তা কাজে লেগে যায়, তখন আরও বেশি তৃপ্তিদায়ক।”