২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাবরের ব্যাটিংয়ে উন্নতির ছোঁয়া দেখেন না অশ্বিন

পাকিস্তানের এই ব্যাটসম্যানের পুরনো ঘাটতিগুলো এখনও দেখছেন ভারতের স্পিন গ্রেট।

বাবরের ব্যাটিংয়ে উন্নতির ছোঁয়া দেখেন না অশ্বিন
ভারতের বিপকেষ বাজে শটে ফিরছেন বাবর আজম। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ব্যাটিংয়ে ঘাটতি কমবেশি থাকতেই পারে। সেসব কাটিয়ে উঠতে কাজ তো করতে হবে! বাবর আজম তেমন কিছু করেন বলে মনে হচ্ছে না রাভিচান্দ্রান অশ্বিনের। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিংয়ে পরিবর্তনের ছাপ দেখছে না ভারতের স্পিন গ্রেট। 

টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্নকে করে সঙ্গী করে এবারের বিশ্বকাপ শুরু করেছিলেন বাবর। এই সংস্করণে রান তিনি করেন মোটামুটি নিয়মিতই। কিন্তু প্রশ্ন থেকে যায় রান করার ধরন নিয়ে। সময়ের সঙ্গে সেই প্রশ্নগুলো উচ্চকিত হয়েছে আরও। 

অশ্বিন অবশ্য কথা বললেন ভিন্ন এক প্রসঙ্গে। ব্যাটিং-বোলিংয়ের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার নিয়ে অনেক সময়ই নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করেন তিনি। বাবরের একটি সমস্যাও এবার তুলে ধরলেন।

“একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে যদি দেখেন কোনো নির্দিষ্ট জায়গায় আপনার ঘাটতি আছে, তাহলে সেটা নিয়ে কাজ করতে হবে। সে তার খেলায় কোনো পরিবর্তনই করেনি।”

“২০২৪ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে (আসলে ভারতের বিপক্ষে) পাকিস্তানের ম্যাচটি দেখুন। কাঁধ উন্মুক্ত করেছে এভাবে (ভিডিওতে দেখিয়ে) এবং স্লিপে ধরা পড়েছে। সে থার্ডম্যানের দিকে একই শট খেলেছিল। যদি এভাবেই খেলা চালিয়ে যায়, তাহলে প্রতিবারই একইভাবে আউট হবে।”

২০২৪ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে ক্যাচ দেন বাবর। ওই আসরে নিজেদের পরের ম্যাচেই কানাডার বিপক্ষে কট বিহাইন্ড হন তিনি।

এবারের বিশ্বকাপে অবশ্য কোনো ম্যাচেই স্লিপে ক্যাচ দেননি বাবর। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ রান করে লং-অফে ধরা পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লং-অনে ক্যাচ দেন তিনি ৪৬ রান করে। ভারতের বিপক্ষে ৭ বলে ৫ রান করে আউট হন আকসার প্যাটেলের বলে দৃষ্টিকটূ স্লগের চেষ্টায়। 

গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। ওই আসরে একটি ফিফটিও করতে পারেননি বাবর। সর্বোচ্চ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৪। এবারও এখন পর্যন্ত পাননি পঞ্চাশের ছোঁয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সুপার এইটে উঠতে এই ম্যাচে জেতাটা জরুরি তাদের জন্য।