Published : 03 Mar 2026, 11:52 AM
সেমি-ফাইনাল নিয়ে মোহাম্মাদ আমিরের তুমুল আলোচিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সঠিক হয়নি।। তবে দমে যাচ্ছেন না তিনি। পাকিস্তানের পেসার এবার হাজির হয়েছেন নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে। তার মতে, সেমি-ফাইনালে উঠে গেলেও ফাইনাল পর্যন্ত যেতে পারবে না ভারত।
বিশ্বকাপের সুপার এইট চলার সময় পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে তিন দফায় আমির বলেছিলেন, সেমি-ফাইনালে খেলতে পারবে না ভারত। তার কথা সত্যি হওয়ার সম্ভাবনাও জেগেছিল কিছুটা। তবে কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করে সুরিয়াকুমার ইয়াদাভের দল।
সেই টিভি শো-এর সঞ্চালক এবার আমিরকে বললেন, “আপনার ভবিষ্যদ্বাণী তো ভুল হয়ে গেল, ভারত সেমি-ফাইনালে পৌঁছে গেল। কি বলবেন?”
খুব একটা বিচলিত না হয়ে ব্যাখ্যা করলেন আমির। সঙ্গে শোনালেন এই আসরে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার নতুন ভাবনা।
“দেখুন, আমার বিশ্লেষণ ঠিকই ছিল। কিন্তু সাঞ্জু স্যামসন ভালো খেলে ফেলেছে। আমি এখনও বিশ্বাস করি, ভারত পরিপূর্ণ ক্রিকেট খেলছে না। আমার এরকমই মনে হয়। কেবল বুমরাহ ছাড়া ওদের কোনো বোলার ফর্মে নেই। ব্যাটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধস নামছেই। প্রতি ম্যাচেই ধস নামছে।”
“স্যামসনের প্রশংসা যত করা হোক, ততই কম হবে। সামনে সেমি-ফাইনাল, ইংল্যান্ডের সঙ্গে ভালো ম্যাচ। কে জানে কী হয়। তবে আমার এখনও বিশ্বাস, ফাইনালে ভারত খেলতে পারবে না।”
‘পরিপূণ’ ক্রিকেট নিয়ে আমিরের বিশ্লেষণের সঙ্গে দ্বিমত করার সুযোগ অবশ্য কমই। গত বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গত দেড় বছরে টি-টোয়েন্টিতে অসাধারণ ধারাবাহিকতায় সিরিজের পর সিরিজ দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপে তাদের সেই অপ্রতিরোধ্য চেহারা এখনও দেখা যায়নি। ব্যাটিংয়ে বেশ কয়েকজন তাদের সেরা চেহারায় নেই। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজের সেরা ক্ষুরধার রূপে ততটা নেই। বোলিং আক্রমণের অন্যরাও অধারাবাহিক।
আমিরের এবারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, জানা যাবে বৃহস্পতিবার। মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।