১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে’ হেটমায়ারের এই ব‍্যাটিং

নিজের ব‍্যাটিং নিয়ে চিন্তা কমানোর সুফল পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

‘অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে’ হেটমায়ারের এই ব‍্যাটিং
ম্যাচের শেষের পুরস্কার বিতরণী আয়োজনে শিমরন হেটমায়ার। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

তৃতীয় ওভারে ক্রিজে গিয়ে তাণ্ডব চালালেন শিমরন হেটমায়ার। বিস্ফোরক ব‍্যাটিংয়ে কিছু দিন আগে গড়া নিজেরই রেকর্ড ভাঙলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। ম‍্যাচ শেষে বললেন, ব‍্যাটিং নিয়ে বাড়তি চিন্তা বাদ দেওয়াতেই মিলছে এই সাফল‍্য।  

বড় জয় দিয়ে সুপার এইট পর্বে পথ চলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। একপেশে ম‍্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে ১০৭ রানে। মুম্বাইয়ে সোমবার ২৫৪ রানের বড় সংগ্রহ গড়ে সিকান্দার রাজার দলকে থামিয়েছে ১৪৭ রানে।

দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের জয়ে বড় অবদান হেটমায়ারের। ৩৪ বলে সাতটি করে ছক্কা ও চারে খেলেছেন ৮৫ রানের দুর্দান্ত ইনিংস। 

এই রান করার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি, ১৯ বলে। এবারই গ্রুপ পর্বে স্কটল‍্যান্ডের বিপক্ষে ২২ বলে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ড গড়েছিলের তিনি নিজেই। 

এই ইনিংসে টি-টোয়েন্টিতে তৃতীয়বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন হেটমায়ার, বিশ্বকাপে দ্বিতীয়বার। স্কটল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচে জেতেন প্রথমবার। 

ম‍্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে হেটমায়ার বললেন, নির্ভার থাকার সুফল পাচ্ছেন তিনি। 

“আমার ব‍্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা করছি না (সেটা কাজে লাগছে)। আগে অতিরিক্ত চিন্তা করতাম। এখন আমি কম চিন্তা করার চেষ্টা করছি এবং যা করার এখন ব‍্যাটই করবে।”

ইতালির বিপক্ষে কেবল ১ রানে আউট হয়েছিলেন হেটমায়ার। সেই ম‍্যাচে ব‍্যর্থ হওয়ায় এবারের ৮৫ রানের ইনিংস তার কাছে খুবই দামী।

“এই ইনিংস খুবই অর্থবহ। কারণ, সবশেষ ম‍্যাচে আমি বেশি রান করতে পারিনি। সবশেষ দুই মাসে যা করেছি, আমি কেবল এর পুনরাবৃত্তির চেষ্টা করছি।”

পাঁচ ম্যাচে ১৮৫.৫৯ স্ট্রাইক রেটে ২১৯ রান করে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হেটমায়ার।