Published : 12 Feb 2026, 01:09 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও চলতি বিশ্বকাপের মাঠ থেকে মাঠে নিয়মিত দেখা যাচ্ছে রোহিত শার্মাকে। গত বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক এবারের আসরে আছেন বিশ্বকাপ দূত হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা কিছু নিয়ে কথা বলছেন তিনি নিত্যই। তবে তার চোখ মূলত আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে। অবসরের আগে এই ট্রফি জয়ের স্বাদ পেতে চান ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান।
টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর এখন শুধু ওয়ানডে ক্রিকেটই খেলে যাচ্ছেন রোহিত। এই সংস্করণে তিনি সর্বকালের সেরাদের একজন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। গড়েছেন আরও অনেক রেকর্ড। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।
ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন না। পরে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ওই আসরে শিরোপার স্বাদ পান। ২০১৫ ও ২১০৯ বিশ্বকাপে নিজে দারুণ খেললেও দল ছিটকে পড়ে সেমি-ফাইনাল থেকে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা হেরে যান ফাইনালে। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেন, অপ্রতিরোধ্য গতিতে তার নেতৃত্বে ভারত উঠে যায় ফাইনালে। কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে হতাশার অধ্যায়গুলোর একটি।
সেই অপ্রাপ্তি ঘোচানোর চেষ্টাতে খেলা এই সংস্করণে খেলা চালিয়ে যাচ্ছেন বয়স ৩৮ পেরিয়েও। ২০২৭ বিশ্বকাপে তাকিয়ে ওজন কমিয়েছেন, অনেক ঝরঝরে হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আয়োজনে এই ব্যাটিং গ্রেট খোলামেলাই বললেন, ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জয়ের তাড়নাই তাকে ধাবিত করছে এখন।
“অবশ্যই সেখানে (২০২৭ বিশ্বকাপ) যেতে চাই এবং আমার দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এটা এমন কিছু, যা আমি সবসময়ই চেয়ে এসেছি। ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই আমরা বেড়ে উঠেছি। তখন কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল না, আইপিএলও ছিল না এবং এটাই ছিল ক্রিকেটের চূড়া, যা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হতো। এই ট্রফির জন্য সবাই মরিয়া থাকত, এই ট্রফির মূল্য অনেক।”
“হ্যাঁ, অবশ্যই এই ট্রফি আমি চাই। চেষ্টা করব আমার শক্তি ও সামর্থ্যের সবটুকু দিয়ে কঠোর পরিশ্রম করতে এবং এটি অর্জন করতে।”
গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজটি ভালো কাটেনি রোহিতের। তবে গত বছর তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল। ১৪ ম্যাচে ২ সেঞ্চুরি ৪ ফিফটিতে ৬৫০ রান করেন ৫০ গড় ও ১০০.৪৬ স্ট্রাইক রেটে।