১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হেটমায়ার ও পাওয়েলের ছক্কার রেকর্ড

একই ম্যাচে ভিন্ন দুটি রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান।

হেটমায়ার ও পাওয়েলের ছক্কার রেকর্ড
শিমরন হেটমায়ার (বাঁয়ে) ও রভম্যান পাওয়েল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 10:56 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

রেকর্ড হারানোর পরদিনই পুনরুদ্ধার করলেন শিমরন হেটমায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নিলেন তিনি। একই ম্যাচে ছক্কার ভিন্ন আরেক রেকর্ড গড়লেন তার সতীর্থ রভম্যান পাওয়েল।

কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের ম্যাচে রোববার ভারতের বিপক্ষে ১২ বলে ২৭ রানের ইনিংসে দুটি ছক্কা মারেন হেটমায়ার। 

এবারের আসরে সাত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যানের ছক্কা হলো মোট ১৯টি।

এই বিশ্বকাপের আগে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের আরেক ব্যাটসম্যান নিকোলাস পুরানের। ২০২৪ আসরে সাত ইনিংসে ১৭ ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন তিনি। 

চলতি আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রানের ইনিংসে সাত ছক্কা মেরে পুরানের রেকর্ডে ভাগ বসান হেটমায়ার। তাদের ছাড়িয়ে শনিবার এই তালিকার চূড়ায় ওঠেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পথে পাঁচ ছক্কা মেরে আসরে এই ওপেনারের মোট ছক্কা হয় ১৮টি, ছয় ইনিংসে।

ওই ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। পরদিন সাহিবজাদাকে ছাড়িয়ে ছক্কার চূড়ায় উঠলেন হেটমায়ার।

কলকাতায় এদিন ভারতের বিপক্ষে ১৯ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে দুটি ছক্কা মেরে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পাওয়েল।

১১৭ ম্যাচে তার ছক্কা এখন ১৫০টি। ১০৬ ম্যাচে ১৪৯ ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল পুরানের, যিনি ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন গত বছর।