১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের ভিডিও দেখে জেগে উঠেছেন ভারতীয় ব্যাটসম্যানরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতা থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রান, এই পরিবর্তনের গল্প শোনালেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

এক বছরের ভিডিও দেখে জেগে উঠেছেন ভারতীয় ব্যাটসম্যানরা
১৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন সুরিয়াকুমার। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 10:55 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

বিধ্বংসী এক ব্যাটিং লাইন আপ, যাদের একজন জ্বলে উঠলেও ধ্বংস হয়ে যেতে পারে প্রতিপক্ষ, তারা সবাই মিইয়ে গিয়েছিলেন একসঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ব্যাটিং যেন স্রেফ ঘুমিয়ে ছিল। পরের ম্যাচে সেই ব্যাটসম্যানরাই তাণ্ডব চালিয়ে ২০ ওভারে তুলে ফেলল ২৫৬ রান। সেই পরিবর্তনের গল্প শুনিয়ে ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ জানালেন, তাদেরকে জাগিয়ে দিয়েছেন দলের ভিডিও অ্যানালিস্ট।

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৮ রান তাড়ায় ভারত করতে পেরেছিল স্রেফ ১১১ রান। শূন্য রানে আউট হয়েছিলেন ইশান কিশান ও রিঙ্কু সিং, ১ করেছিলেন তিলাক ভার্মা। একটি ছক্কা ও চার মেরেও ১২ বলে ১৫ করেছিলেন আভিশেক শার্মা। অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ১৮ রান করতে বল খেলেছিলেন ২২টি, ১৭ বলে ১৮ হার্দিক পান্ডিয়া। সর্বোচ্চ ৪২ রান করতে শিভাম দুবের লেগেছিল ৩৭ বল।

ভারতের এমন ম্রিয়মান ব্যাটিং এই সংস্করণে দেখা যায়নি অনেক দিন। বেশ আলোচনাও হয়েছিল তাদের এমন ব্যাটিং পারফরম্যান্স নিয়ে। 

সেই ম্যাচের পর সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হতো তাদের। টস হেরে ব্যাটিং পাওয়া দল এবার মেলে ধরে আপন চেহারা। রেকর্ড গড়ে ২০ ওভারে ২৫৬ রান তুলে ফেলে তারা।

যদিও ফিফটি ছিল মাত্র দুটি, সেই দুজনের রানও ৫৫ ও ৫০। তার পরও দল রানের পাহাড় গড়ে মূলত সম্মিলিত অবদানে। ক্রিজে যাওয়া ছয় ব্যাটসম্যানের সবাই ছিলেন রুদ্র রূপে। সবচেয়ে কম স্ট্রাইক রেট ছিল ইশান কিশানের ১৫৮.৩৩! ২৪ বলে ৩৮ রান করেন তিনি।

একাদশে ফিরে ওপেন করতে নেমে সাঞ্জু স্যামসন ফেরেন ১৫ বলে ২৪ করে। যার ফর্ম নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি, সেই আভিশেক শার্মা বিশ্বকাপে প্রথম ফিফটিতে রান করেন ৩০ বলে ৫৫। সুরিয়াকুমার ৩৩ করতে বল খেলেন স্রেফ ১৩টি। ম্যাচ-সেরা হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ২৩ বলে ৫০ রান করে। যার ব্যাটিংয়ের ধরন নিয়ে নানা প্রশ্ন উঠছিল, সেই তিলাক ভার্মা ৪৪ রানে অপরাজিত থাকেন মাত্র ১৬ বল খেলে।

ম্যাচের পর সুরিয়াকুমার বললেন, বিশেষ একটি ভিডিও দেখে সবাই খুঁজে পেয়েছেন নিজেদের এবং মাঠে নিজেদের মেলে ধরতে চেয়েছেন সেই চেনা চেহারায়। 

“সবকিছু পেছনে ফেলে মাঠে নেমে খেলতে চেয়েছি আমরা। লিগ পর্যায়ের ম্যাচগুলিতে কী করেছি বা গত ম্যাচে আহমেদাবাদে কী হয়েছে, সেসব খুব একটা ভাবিনি। আমার সব ব্যাটার ও বোলার গত এক বছরে কী করেছি, সেটির একটি স্লাইড বানিয়েছিলেন আমাদের অ্যানালিস্ট। আমরা সেটি দেখেছি এবং সেখান থেকে অনেক ইতিবাচকতা খুঁজে নিয়েছি।”

“এখানে এই ম্যাচে আমাদের শীর্ষ থেকে শুরু করে সাত নম্বর ব্যাটসম্যান (ছয় নম্বর) পর্যন্ত সবাই অবদান রেখেছে, যা দেখতে পারাটা দারুণ।”

ম্যাচের সবকিছুই অবশ্য মনমতো হয়নি অধিনায়কের। ভারতে বিশাল রান তাড়ায় জয়ের সম্ভাবনা না জাগালেও জিম্বাবুয়ে ২০ ওভারে ১৮৪ রান করে ফেলে। ওপেনার ব্রায়ান বেনেট অপরাজিত থাকেন ৫৯ বলে ৯৭ রান করে।

একটা সময় পর্যন্ত অবশ্য খুব বেশি ঝড় তুলতে পারছিল না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১৪ ওভার শেষে তাদের রান ছিল ১০৫। এরপর শিভাম দুবের ২ ওভার থেকে আসে ৪৬ রান! এছাড়া টানা দ্বিতীয় ম্যাচে ভারুন চক্রবর্তির বোলিং ছিল বেশ ধারহীন।

বোলিং নিয়ে কিছুটা অতৃপ্তি আছে সুরিয়াকুমারের। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে উন্নতি দেখতে চান অধিনায়ক। 

“বল হাতে আমাদের আরেকটু নিখুঁত হওয়া প্রয়োজন ছিল। যদিও খুব বড় সমস্যা নয়, দিনশেষে জয় তো জয়ই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আরেকটু আঁটসাঁট হতে হবে আমাদের।”

“যদিও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের থেকে কৃতিত্ব কেড়ে নিতে চাই না। ওরা দারুণ খেলেছে। হ্যাঁ, উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ওরা যেভাবে ব্যাট করেছে, নিজেদের মতো সময় নিয়েছে, পরে স্মার্টলি খেলেছে, কৃতিত্ব দিতে হবে ওদেরকে। তবে আমাদের দিক থেকে বোলিংয়ে আমাদেরও আরেকটু স্মার্ট হওয়া উচিত ছিল।”

রোববার কলকাতায় ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে ভারত। ম্যাচটি কার্যত কোয়ার্টার-ফাইনাল। যে দল জিতবে, তারাই পৌঁছে যাবে সেমি-ফাইনালে।