১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চমৎকার ব্যাটিংয়ে বিশ্বকাপে ব্যান্টনের ‘প্রথম’

স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিতে ৬৩ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

চমৎকার ব্যাটিংয়ে বিশ্বকাপে ব্যান্টনের ‘প্রথম’
চমৎকার ইনিংসে ইংল‍্যান্ডের জয়ের নায়ক টম ব‍্যান্টন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

দুই ওভারের মধ্যে ফিল সল্ট ও জস বাটলারের বিদায়ের পর ক্রিজে যাওয়া টম ব্যান্টন ছিলেন ভীষণ চাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই ম্যাচে ফিরেছিলেন ২ রান করে। এবার তিনিই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ত্রাতা। চমৎকার ব্যাটিংয়ে ফিরলেন দলকে জিতিয়ে। 

এতে দারুণ একটি অর্জনও ধরা দিয়েছে ব্যান্টনের হাতে। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার তিনি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে প্রথম। 

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ডে। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের ১৫২ রান তারা পেরিয়ে গেছে ১০ বল বাকি থাকতে। 

এই জয়ে বড় ভূমিকা ব্যান্টনের। ৪১ বলে তিন ছক্কা ও চারটি চারে তিনি খেলেছেন অপরাজিত ৬৩ রানের ইনিংস। মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষ স্পিনারদের চেপে ধরতে দেননি তিনি।   

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান বললেন, ঝুঁকি নিয়ে খেলতে হয় বলেই হয়তো আগের ম্যাচগুলোতে সাফল্য পাননি।

“টি-টোয়েন্টি হলো উচ্চ ঝুঁকির খেলা। এখানে আপনার নিজের ওপর আস্থা রাখতে হবে। কখনও কখনও এটা আপনার বিপক্ষে যাবে; কিন্তু বারবার ঘুরে দাঁড়াতে হবে।”