Published : 05 Mar 2026, 11:11 AM
প্রথম সেমি-ফাইনাল তখন মাত্র শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে গেছে নিউ জিল্যান্ড। কিন্তু কেভিন পিটারসেনেনর চোখে, দ্বিতীয় সেমি-ফাইনালের জয়ী দল চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই! ইংলিশ কিংবদন্তি নিশ্চিত ধারণা, নিউ জিল্যান্ডের সঙ্গে ফাইনালে লড়বে ইংল্যান্ড।
সামাজিক মাধ্যমে পিটারসেন বললেন, জমজমাট একটি ফাইনালের আশা করছেন তিনি।
“রোববার তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হচ্ছে নিউ জিল্যান্ড বনাম ইংল্যান্ড। দারুণ একটি ম্যাচ হওয়া উচিত।”
পিটারসেনর এই বিশ্বাস কতটা বাস্তব রূপ পায়, সেটি বোঝা যাবে বৃহস্পতিবার রাতে। দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
সাম্প্রতিক পারফরম্যান্সে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখা যায়। গ্রুপ পর্বে নড়বড়ে থাকলেও সুপার এইটে সব ম্যাচ জিতে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করে হ্যারি ব্রুকের দল। ভারত সেখানে সুপার এইটের প্রথম ম্যাচ হেরে শেষ ম্যাচে রোমাঞ্চকর জয়ে সবার শেষে নাম লেখায় সেমি-ফাইনালে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত চেনা রূপে আবির্ভূত হতে পারেনি সুরিয়াকুমার ইয়াদাভের দল। তবে তারা স্বরূপে জ্বলে উঠলে তাদেরকে হারানো কঠিন।
প্রথম সেমি-ফাইনালে বুধবার ফেভারিট হিসেবে খেলতে নেমে স্রেফ উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে তাদেরকে বিধ্বস্ত করে ছেড়েছে নিউ জিল্যান্ড। প্রোটিয়াদেরকে ১৬৯ রান আটকে রেখে কিউইরা ৯ উইকেটে জিতেছে ৪৩ বল বাকি থাকতেই।
বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিতে ৩৩ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন ফিন অ্যালেন। ঝড়ো ফিফটি করেছেন টিম সাইফার্ট।
নিউ জিল্যান্ডের এই পারফরম্যান্সে মুগ্ধ পিটারসেনের মতোই আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ৫৩ লাখ মানুষের দেশ নিউ জিল্যান্ডে পেশাদার ক্রিকেটারের সংখ্যা অন্য বড় ক্রিকেট শক্তিগুলোর তুলনায় নগন্য। তার পরও আইসিসি আসরগুলোয় নিউ জিল্যান্ডের যে ধারাবাহিকতা ও সাফল্য, সেদিক থেকে তাদেরকেই বিশ্বের সেরা দল মনে করেন ভন।
“এটাকে বলা যায় বিধ্বস্ত করা… নিউ জিল্যান্ড যদিও কন্ডিশনের সুবিধাটা (শুরুতে) পেয়েছে, তবে সত্যিই এটা শক্তিশালী প্রদর্শনী। আমি বলেই যাচ্ছি, সবদিক থেকেই তারা বিশ্বের সেরা দল। তাদের যা আছে এবং যেখান থেকে তাদের বেছে নিতে হয়, সেই বিবেচনায় তারা যা অর্জন করে বারবার, তা অবিশ্বাস্য।”