‘সাহসী’ স্যামসনকে কুর্নিশ সুরিয়াকুমারের
“আমি সবসময় বিশ্বাস করি, ভালো মানুষদের সঙ্গেই ভালো কিছু হয়”,সাঞ্জু স্যামসনকে নিয়ে বললেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
ইডেন গার্ডেন্সের ৫৮ হাজার দর্শকের ‘ভান্দে মাতরাম, ভান্দে মাতরাম’ সুরে তখন প্রকম্পিত চারপাশ। ম্যাচ জিতিয়ে হাসিমুখে মাঠ ছাড়ছেন সাঞ্জু স্যামসন। ডাগআউট থেকে গোটা দল নিয়ে তার দিকে এগিয়ে গেলেন সুরিয়াকুমার ইয়াদাভ। কাছাকাছি গিয়ে ক্যাপ খুলে নিচু হয়ে কেতাবি কায়দায় জানালেন কুর্নিশ। জয়ের নায়কের প্রতি অধিনায়কের সম্মান!
সুরিয়াকুমারের সেই কুর্নিশেই ফুটে উঠছে তার ভেতরের অনুভূতি। সেসব শুধু এভাবে বুঝিয়েই দেননি, মুখেও বলেছেন ভারতীয় অধিনায়ক। শুনিয়েছেন স্যামসন আর এই ইনিংসটি নিয়ে মুগ্ধতার কথা।
কলকাতায় রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রান তাড়ায় একমাত্র অর্ধশত রানের জুটি ছিল এই দুজনের। কাছ থেকেই তাই স্যামসনের অপার্থিব ব্যাটিংয়ের কিছু স্বাদ পেয়েছেন সুরিয়াকুমার। পরে ডাগআউটে বসে দেখেছেন, দায়িত্ব নিয়ে অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই ফিরেছেন স্যামসন।
ভারতীয় অধিনায়ক বললেন, এরকমই ইনিংসই বড় আসর জয়ের দিকে নিয়ে যায় কোনো দলকে।
“বিশ্বকাপে, আইসিসি আসরগুলোতে ম্যাচ জিততে হয় সাহসী লোকদের দিয়ে। এটা ছিল তেমনই সাহসী ইনিংস। যেভাবে সে ব্যাট করেছে, একটা পাশ আগলে রেখেছে, দলকে এগিয়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত, সব কৃতিত্বই তার প্রাপ্য। ওর জন্য খুবই খুশি আমি।”
মাঠের বাইরে মানুষ স্যামসন আলাদা জায়গা নিয়ে আছেন সুরিয়াকুমারের হৃদয়ে। পাশাপাশি অধিনায়ক তুলে ধরলেন, কতটা দল অন্তপ্রাণ ক্রিকেটার এই কিপার-ব্যাটসম্যান।
“আমি সবসময় বিশ্বাস করি, ভালো মানুষদের সঙ্গেই ভালো কিছু হয় এবং উপযুক্ত সময়ে। ওর (স্যামসনের) মতো একজনের জন্য নিজেকে মেলে ধরার এবং দলের চাহিদা পূরণের জন্য এর চেয়ে ভালো সময়, এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!”
“সে যখন দলে যোগ দিল, আমরা একসঙ্গে বসেছিলাম যখন, প্রথম যে কথাটি সে বলেছিল, ‘এমন কিছু করা যাক, যেটা দল চায়। তুমি যেটা চাইছো, তা নয়।’ এটা আসে অভিজ্ঞতা থেকে। পাশাপাশি এই জীবনে যত কিছু সে দেখেছে, এত উত্থান-পতন… গত এক বছরে কী হয়েছে, সেদিকে ফিরে তাকাতে বলব না আমি, নিজের জায়গা হারানো, অন্য পজিশনে ব্যাট কর, আবার ফিরে এসে আগের পজিশনে ব্যাট করার কাজটি সহজ নয়।”
ভারতীয় বোর্ডের ডিজিটাল আয়োজনে যখন কথাগুলি বলছিলেন সুরিয়াকুমার, পাশেই ছিলেন স্যামসন। শেষ দিকে অধিনায়ক বললেন, “আরও একটি ধাপ সামনে এগিয়েছি আমরা। আশা করি, এই ধারা চলতে থাকবে…।” তখন তাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে স্যামসন মজা করে বললেন, “আরে পাগল, এবার থামো, কাঁদাবে নাকি…!”
