Published : 20 Feb 2026, 08:26 PM
ভারত দলের সবচেয়ে আলোচিত নাম এখন আভিশেক শার্মা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান বিশ্বকাপে টানা তিন ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। তাকে নিয়ে আলোচনার স্রোত বইছে ক্রিকেট বিশ্বে। পরের ম্যাচে তাকে খেলানো হবে নাকি বাদ দেওয়া হবে একাদশ থেকে, এ নিয়ে কৌতূহলও এখন তুঙ্গে। তবে কঠিন সময়ে টিম ম্যানেজমেন্টকে পাশেই পাচ্ছেন তিনি। ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল জানালেন, আভিশেকের ফর্ম নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না দলের মধ্যে।
টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক দিন ধরেই দাপট দেখাচ্ছিলেন আভিশেক। বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুবার শূন্য রানে আউট হলেও, বাকি তিন ম্যাচে ১৬ চার ও ১৫ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১৮২ রান। ওই সিরিজে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ২৫০।
সেই আভিশেক নিজের প্রথম বিশ্বকাপে তিন ম্যাচ খেলে অভাবনীয়ভাবে এখনও রানের দেখাই পাননি!
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন আভিশেক। দলের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে তিনি খেলতে পারেননি পেটের সংক্রমণে। যে কারণে তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও।
ফেরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি আউট হন চার বলে শূন্য রানে। সেই ধারা বজায় থাকে গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও, এবার তিন বল খেলে ‘ডাক’ মারেন ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার।
আভিশেকের অনুপস্থিতিতে নামিবিয়ার বিপক্ষে তিন ছক্কা ও একটি চারে আট বলে ২২ রান করেন সাঞ্জু স্যামসন। আভিশেককে বাদ দিয়ে স্যামসনকে ফেরানো উচিত কি না, এমন আলোচনাও চলছে ভারতীয় ক্রিকেটে।
তবে সুপার এইট পর্ব শুরুর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বোলিং কোচ ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মর্কেলের কথায় পরিষ্কার, পরের ম্যাচেও খেলতে যাচ্ছেন আভিশেক।
“দলের মধ্যে আভিশেক শার্মাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। দল ও দর্শকদের জন্য সে ভালো কিছু করবে। সে বিনোদন দিচ্ছে। নেটে ভালোভাবে বল মারছে।”
সুপার এইটে আগামী রোববার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।