Published : 21 Feb 2026, 11:45 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সবচেয়ে আলোচিত নামগুলির একটি আভিশেক শার্মা। র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান টানা তিন ম্যাচে আউট হয়েছেন শূন্যতে। তাকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ আর কাটাছেঁড়া। তবে সেসবের আঁচ ভারতীয় দলে লাগেনি বলেই দাবি মর্নে মর্কেলর। ভারতের বোলিং কোচ বললেন, দলের ভেতর এটা নিয়ে কোনো আলোচনাই নেই।
তোলপাড় তোলার আভাস দিয়ে এবারের বিশ্বকাপে এসেছিলেন আভিশেক। গত দেড় বছরে ব্যাটকে তরবারি বানিয়ে তিনি স্রেফ কচুকাটা করেছেন বোলারদের। আগ্রাসী ব্যাটিংকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান বিশ্বকাপেও ঝড় তুলবেন, এমন ধারণাই ছিল অনেকের।
তোলপাড় তাকে নিয়ে চলছে ঠিকই, তবে উল্টো কারণে। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখনও একটি রানও করতে পারেননি। ভারতীয় ক্রিকেটে তো বটেই, বিশ্বক্রিকেটেই আলোচনার খোরাক জুগিয়েছে আভিশেকের এমন অবিশ্বাস্য পতন।
তবে মর্কেল বললেন, বাইরের আলোচনার হাওয়া স্পর্শ করেনি ভারতীয় দলের ভেতরটাকে। সুপার এইটে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান আপন রূপে ফিরবেন বলেই আশা বোলিং কোচের।
“আমাদের দলের ভেতর একদম কোনো আলোচনাই নেই এটা নিয়ে। আভিশেক বিশ্বমানের ফুটবলার। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সৌভাগ্যবশত কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। আভিশেক অবশ্যই প্রত্যাশামতো রান করতে পারেনি।”
“এখন আমরা বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে যাচ্ছি এবং আমি মোটামুটি নিশ্চিত, সে নিজেকে মেলে ধরবেই। শুধু দলের জন্যই নয়, খেলাটি যারা দেখছে, সবার জন্যই সে জ্বলে উঠবে, কারণ সে বিনোদনদায়ী ব্যাটসম্যান আমরা এটা দেখতেই ভালোবাসি। নেটে সে ভালো হিট করছে। এখন স্রেফ ম্যাচে ভালো একটা শুরু ও এরপর এগিয়ে যাওয়ার ব্যাপার।"
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার সুপার এইট শুরু করবে ভারত।