১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দলের বোলিং নিয়ে তৃপ্তি, সামনের বিশ্বকাপে চোখ শান্তর

এবারের বিশ্বকাপে পাওয়া দুই জয়ের আত্মবিশ্বাস আগামী আসরে কাজে লাগানোর কথা বলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 02:35 PM

Updated : 08 Nov 2022, 02:35 PM

যেটা সবচেয়ে দৃশ্যমান সেটাই সামনে আনলেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফিরে বাঁহাতি এই ওপেনার তৃপ্তির কথা বললেন বিশ্বকাপে দলের বোলিং নিয়ে। পাশাপাশি এবারের বিশ্বকাপে পাওয়া দুই জয়ের আত্মবিশ্বাস আগামী আসরে কাজে লাগানোর কথা আশাবাদও জানালেন এই তরুণ। 

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে জেগে উঠেছিল সম্ভাবনা। পাকিস্তানকে হারাতে পারলেই পাওয়া যেত সেমি-ফাইনাল খেলার টিকিট। ব্যাটিং ব্যর্থতায় সম্ভব হয়নি সেটি। বোলাররা খানিক আশা জাগালেও সুপার টুয়েলভ পর্বেই শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। 

সংখ্যার বিচারে আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে সফল আসর কাটিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে তারা হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। তবে হেরে যাওয়া তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে প্রকটভাবে। পুরো টুর্নামেন্টে লিটন দাস ও শান্ত ছাড়া আর কেউই পারেননি ফিফটি করতে। 

অ্যাডিলেইডে রোববার শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর সে রাতেই মেলবোর্ন হয়ে দেশের উদ্দেশে রওনা করেছিল বাংলাদেশ দল। মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্র চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সিঙ্গাপুর থেকে ভারতে গেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। 

প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার রাত পৌনে ১১টা নাগাদ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের সামনে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন শান্ত। 

“আমার মনে হয় বোলিং বিভাগ খুব ভালো ছিল। খুব ভালো করেছে প্রত্যেকটা ম্যাচ। আরেকটা জিনিস, আমরা দল হিসেবে ক্রিকেট খেলেছি। সবাই একসঙ্গে ছিলাম, একজনের খারাপ সময় সবাই পাশে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে প্রথম বিশ্বকাপ হিসেবে আমি এই জিনিসটা অনুভব করেছি।” 

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব সরাসরি বলেছেন, এবার বিশ্বকাপ জিততে যাননি তারা। এর আগে দেশে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, তাদের লক্ষ্য মূলত পরের বিশ্বকাপ। শান্তও বললেন একই কথা। এবারের আসরের অভিজ্ঞতা পরেরবার কাজে দেবে বলে মনে করেন তিনি। 

“এবার আমাদের আরও ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে, সামনের বিশ্বকাপে এর থেকে ভালো যেন আমরা করতে পারি। আমাদের হাতে দুই বছর আছে। আমরা ওভাবে নিজেদের প্রস্তুত করব। ওভাবে যদি অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।” 

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে সফল ছিলেন শান্ত। জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে ফিফটিসহ পাঁচ ম্যাচ করেছেন ১৮০ রান। রানখরায় ভুগতে থাকার পরেও চমক হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার তাকে নিয়ে সমালোচনা হয়েছে বেশ। 

সেদিকে মনোযোগ না দিয়ে নিজের খেলার কথাই ভাবছিলেন বলে জানিয়েছেন তিনি। 

“আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আসলে ওদিকে আমি একদম মনোযোগ দেইনি। আমার খেলা ও অনুশীলনে মনোযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে আমি মনে করি, এখান থেকে আরও ভাল করতে পারি। সামনে সেই চেষ্টা থাকবে।”