১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়াটসনের নজরে সূর্যকুমার ‘বিরল প্রতিভা’

ভারতীয় এই ব্যাটসম্যানের দক্ষতায় মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার।

ওয়াটসনের নজরে সূর্যকুমার ‘বিরল প্রতিভা’

ছবি : টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 11:02 PM

Updated : 07 Nov 2022, 11:10 PM

অফ স্টাম্পের বাইরে ‘ওয়াইড লাইন’ বরাবর বলটিও র‍্যাম্প শটে ছক্কা মারছেন সূর্যকুমার যাদব। মাঠের যেকোনো প্রান্তে বল পাঠানোর সামর্থ্য দেখাচ্ছেন তিনি প্রতিনিয়ত। তার ব্যাটিং নিয়ে স্তুতির জোয়ার বইছে বেশ কিছুদিন ধরেই। সেই স্রোতে গা ভাসালেন শেন ওয়াটসনও। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা অলরাউন্ডারের চোখে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান বিরল এক প্রতিভা। 

আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। ২০২১ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক সূর্যকুমারের। এরপর থেকে শুধু ছুটেই চলছেন তিনি। এরই মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি নিজের করে নিয়েছেন ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যান। 

ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৯ টি-টোয়েন্টি খেলে সূর্যকুমারের রান ১ হাজার ২৭০। স্ট্রাইক রেট ১৭৯.৬৩ এবং গড় ৪২.৩৩। ১১টি ফিফটির সঙ্গে নামের পাশে সেঞ্চুরি আছে একটি।

চলতি বছর এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ১ হাজার রান করে ফেলেছেন সূর্যকুমার। এই সংস্করণে এক পঞ্জিকাবর্ষে মোহাম্মদ রিজওয়ানের পর হাজার রান করা ব্যাটসম্যান কেবল তিনি। ২০২১ সালে ১ হাজার ৩২৬ রান করেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। এই বছর এখন পর্যন্ত সূর্যকুমারের রান ১ হাজার ২৬। 

শটের পরিধি বেশি থাকায় দ্রুত রান তুলতে পারেন সূর্যকুমার। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং বলেছেন, এবি ডি ভিলিয়ার্সে মতোই ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান সূর্যকুমার। 

তবে সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি স্ট্রাইক রেট দিয়ে। ধারাবাহিকভাবে ১৮০-২০০ স্ট্রাইক রেটে রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। টি-টোয়েন্টিতে তার অভিষেকের পর কমপক্ষে ২০ ইনিংস ব্যাটিং করে এত বেশি স্ট্রাইক রেট নেই আর কারো। 

চলতি বছর সূর্যকুমারের স্ট্রাইক রেট ১৮৬.৫৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত জানুয়ারি থেকে কমপক্ষে ১৫ ইনিংস ব্যাটিং করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তারই। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বোলারর ওপর ছড়ি ঘুরাচ্ছেন ৩২ বছর বয়সী সূর্যকুমার। ৫ ম্যাচে ৩ ফিফটিতে তার ২২৫ রান এখন পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। তার ব্যাটিং গড় ৭৫, তবে স্ট্রাইক রেট আকাশ্চুম্বি ১৯৩.৯৬! ভারতের সেমি-ফাইনালে ওঠার পথে তার অবদান অনেক।

অস্ট্রেলিয়ায় এর আগে কখনও খেলেননি সূর্যকুমার। উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য অনেক সময়ই ভীতি জাগায়। কিন্তু সূর্যকুমারের ভয় থাকলে তো! প্রতি ম্যাচেই তিনি নিজের ব্যাটিংকে তুলে নিচ্ছেন অন্য উচ্চতায়। যা দেখে অবাক অস্ট্রেলিয়া হয়ে ২০১৫ বিশ্বকাপ জেতা ওয়াটসন।  

“এই অস্ট্রেলিয়ার মতো বিদেশি কন্ডিশনেই সে যা করছে তা টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকেই করতে পারেনি।” 

“তার বোলারকে ভালোভাবে পড়তে পারার দক্ষতা, বোলার কোথায় বল করবে, ফিল্ডার কোথায় আছে, বল কোথায় যাবে সেটার ওপর নিয়ন্ত্রণ; এটা সত্যিই বিরল এক প্রতিভা। এমনটা অতীতে আমরা খুব বেশি দেখিনি।” 

সূর্যকুমারের ধারাবাহিক আগ্রাসী ব্যাটিং তো মন জয় করে নিয়েছে ওয়াটসনের। তার মতে, সহসাই থামার মতো ক্রিকেটার নন ভারতীয় এই ব্যাটসম্যান। 

“এক-দুই ম্যাচে এমন ধারাবাহিক ধরে রাখা যায়। কিন্তু বড় ম্যাচে ধারাবাহিকভাবে এমন খেলা? সে বিশেষ এক প্রতিভা। এই জায়গায় পরিবর্তন আসবে বলে মনে হয় না। দেখে মনে হচ্ছে, সে লম্বা সময় ধরে এই ধারা বজায় রাখবে। সে যেভাবে খেলছে সেটার ঝুঁকি অনেক হলেও দেখে মনে হচ্ছে ঝুঁকির তেমন কিছুই নেই।” 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠের লড়াইয়ে নামবে ভারত।