আরেকজন পেসার হারাল দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে না মাফাকারও, দলে ফিরলেন উইলিয়ামস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ে চোট সমস্যা বেড়েই চলেছে। এবার ডান হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ছিটকে গেছেন কিওয়েনা মাফাকা। তার জায়গায় ফিরেছেন লিজাড উইলিয়ামস।
এর আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ছিটকে গেছেন কাগিসো রাবাদা, ওটনিল বার্টম্যান ও লুঙ্গি এনগিডি।
মাফাকার জায়গায় ডাক পাওয়া উইলিয়ামসের সামনে প্রায় এক বছর পর দেশের হয়ে খেলার সুযোগ। সবশেষ গত ৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন তিনি, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে।
তিন ম্যাচের সিরিজের জন্য দল নির্বাচনের আগেই চোটের জন্য ছিটকে যান রাবাদা। ১৬ জনের দলে ছিলেন বার্টম্যান ও এনগিডি। পরে তাদের জায়গায় আসেন ডুয়ান ইয়ানসেন ও নকোবানি মোকোয়েনা।
পেসারদের একের পর এক হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনভিজ্ঞ একটি বোলিং আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার। অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন কর্বিন বশ ও সবশেষ ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে খেলা জেরাল্ড কুটসিয়া। ডুয়ান ইয়ানসেন ও মোকোয়েনা মিলিয়ে খেলেছেন কেবল চারটি ওয়ানডে। ২০২১ সালে অভিষেকের পর কেবল আটটি ওয়ানডে খেলতে পেরেছেন উইলিয়ামস।
আগামী ৯ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেটাতেও রাবাদা ও এনগিডির খেলা নিয়ে শঙ্কা আছে। ডারবানে বৃহস্পতিবার হবে প্রথম ওয়ানডে। পরের দুটি হবে জোহানেসবার্গ (রোববার) ও পচেফস্ট্রুমে (বুধবার)।
