৫ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডিকওয়েলা
এশিয়ান গেমসের শ্রীলঙ্কা দলটিতে অবশ্য জাতীয় দলের মূল ক্রিকেটারদের বেশির ভাগকেই রাখা হয়নি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পারফরম্যান্স খুব ভালো নয়। সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পারফরম্যান্সও চোখে পড়ার মতো নয়। তার পরও হুট করেই জাতীয় দলে ফিরলেন নিরোশান ডিকওয়েলা। এশিয়ান গেমেসের শ্রীলঙ্কা দলে সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী এই কিপার-ব্যাটার।
এই দলটিকে অবশ্য ‘জাতীয় দল’ বলা কঠিন। মূল জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারকেই রাখা হয়নি। তবে শ্রীলঙ্কার হয়েই গেমসে অংশ নেবে দলটি এবং আন্তর্জাতিক ম্যাচই হবে, আনুষ্ঠানিকভাবে তাই শ্রীলঙ্কা দলই বলতে হবে।
শ্রীলঙ্কার হয়ে ২৮ টি-টোয়েন্টির সবশেষটি ডিকওয়েলা খেলেছেন ২০২১ সালের জুনে। গত এলপিএলে ৬টি ম্যাচে সুযোগ পেয়ে ১৮.৩৩ গড়ে রান করতে পারেন তিনি মোটে ১১০।
ডিকওয়েলার চেয়েও চমকপ্রদ অবশ্য আশেন বান্দারার সুযোগ পাওয়া। এলপিএলে মাত্র তিনটি ম্যাচে সুযোগ পেয়ে ২৮ রান করেছিলেন তিনি। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি।
অলরাউন্ডার সাহান আরাচ্চিগে নেতৃত্ব দেবেন দলকে। গত এশিয়ান গেমসেও তিনিই ছিলেন অধিনায়ক। আফগানিস্তানের কাছে হেরে সেবার বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। তার একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেটিই।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন সিনেথ জায়াওয়ারদেনা, সোহান ডি লিভেরা, ওয়ানুজা সাহান এবং গারুকা সানকেথ।
সম্প্রতি শ্রীলঙ্কার হয়ে ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলা স্পিনার থারিন্ডু রাত্নায়াকে আছেন এই দলেও। দুই হাতেই বোলিং করতে পারেন তিনি। এলপিএলে গল গ্যালান্টসের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা অলরাউন্ডার চামিকা কারুনারাত্নেও সুযোগ পেয়েছেন দলে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতোই এশিয়ান গেমেস সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে লঙ্কানরা।
এশিয়ান গেমসের শ্রীলঙ্কা স্কোয়াড:
সাহান আরাচ্চিগে (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, লাসিথ ক্রুসপুলে, সিনেথ জায়াওয়ারদেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্ডু রাত্নায়েকে, ওয়ানুজা সাহান, ভিজায়কান্ত ভিয়াসকান্থ, দুশান হেমান্থা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ।
