১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গতবারের মৌসুমসেরা রিশাদকে ফিরে পাওয়া হোবার্টের জন্য ‘অনেক বড় ব্যাপার’

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের লেগ স্পিনার আবার খেলবেন বিগ ব্যাশে, হোবার্ট হারিকেন্সে জুটি গড়বেন তিনি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 09:49 AM

Updated : 15 Oct 2026, 09:49 AM

হোবার্ট হারিকেন্সের ফেইসবুক পাতায় রিশাদ হোসেনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “তিনি ফিরছেন বিগ ব্যাশের ষোড়শ আসরে!” একটু পর একটি ভিডিও পোস্ট করা হয়েছে তার গত মৌসুমের পারফরম্যান্সের। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের লেগ স্পিনারকে ফিরে পেয়ে কতটা রোমাঞ্চিত দলটি। ফ্র্যাঞ্চাইজির হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস সেই উচ্ছ্বাস নিয়েই বললেন, রিশাদকে ফিরে পেতে মরিয়া ছিলেন তারা।

গত মৌসুমে অভিষেকেই বিগ ব্যাশ মাতানো রিশাদ এবারও খেলবেন হোবার্টের হয়ে। এই আসর শুরু আগামী ১২ ডিসেম্বর। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ ১৩ ডিসেম্বর। এরপরই অস্ট্রেলিয়ায় যেতে পারবেন ২৪ বছর বয়সী লেগ স্পিনার।

হোবার্টে তার প্রথম খেলার কথা ছিল ২০২৪-২৫ মৌসুমে। তবে সেবার চুক্তি করলেও বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা মিলিয়ে সেখানে যাওয়া হয়নি তার। পরে গত মৌসুমে বিপিএল বাদ দিয়েই তাকে বিগ ব্যাশে যাওয়ার অনুমতি দেয় বিসিবি।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে প্রথম অভিযানেই রিশাদ ছিলেন সফল। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে তিনি ছিলেন দলের সফলতম বোলার। মৌসুম শেষে তিনি জিতেছিলেন হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’ স্বীকৃতি।

এবার রিশাদকে আবার দলে নিয়ে হোবার্টের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক বিমস বললেন, এই লেগ স্পিনারের ফিরতে চাওয়ার তাড়নাই আবার চুক্তি করতে বড় ভূমিকা রেখেছে।

“রিশাদ আমাদের কাছে এটা পরিষ্কার করে দিয়েছিল যে, গত মৌসুমে হোবার্টে তার সময়টা খুব ভালো লেগেছিল এবং সে ফিরতে চায়। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল।

“গত মৌসুমে সে আমাদের হয়ে অসাধারণ খেলেছিল। প্রথমবারের মতো বিগ ব্যাশে এসে প্রতিটি ম্যাচ খেলা এবং আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে মৌসুম শেষ করাটাই প্রমাণ করে তার সামর্থ্য এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে সে কতটা মানিয়ে নিয়েছে।”

এবার বিপিএল হবে না রিশাদের সামনে কার্যত তেমন বড় বাধা ছিল না। তবে হোবার্ট আগেই দলে নিয়েছিল অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে। তাই কিছুটা সংশয় ছিল রিশাদের ফেরাকে ঘিরে। দুজন বিশেষজ্ঞ লেগ স্পিনার রাখা হবে কি না দলটিতে, কৌতূহল ছিল।

জ্যাম্পা থাকার পরও রিশাদকে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন হোবার্টের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক।

“অ্যাডাম জাম্পার অন্তর্ভুক্তির ফলে আমাদের দলে কিছুটা পরিবর্তন এসেছিল বটে। কিন্তু যখন রিশাদের মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার যখন হারিকেন্সে ফেরার জন্য এতটা দৃঢ়প্রতিজ্ঞ থাকে, তখন সেটা সম্ভব করার জন্য আমরা সবরকম সুযোগই কাজে লাগাতে চেয়েছিলাম। এখন আমাদের দুজন উঁচুমানের লেগ স্পিনার আছেন, যাদের শক্তির জায়গা আলাদা এবং কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে আমাদের আকর্ষণীয় বিকল্প উপহার দেবে।

“অ্যাডাম(জ্যাম্পা) দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা সাদা বলের বোলারদের একজন। অন্যদিকে গত গ্রীষ্মে আমরা দেখেছি মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারেন। দুজনকেই পাওয়ায় আমাদের দলে বিকল্প অনেক বাড়ছে এবং আমাদের বোলিং আক্রমণে এটি নতুন মাত্রা যোগ করেছে।”

জ্যাম্পা ছাড়াও হোবার্টে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শেই হোপ, মিচেল ওয়েন, ন্যাথান এলিস, টিম ডেভিড, বাউ ওয়েবস্টার, নিখিল চৌধুরি, রাইলি মেরেডিথদের।