এশিয়ান গেমস শেষ শান্তর
জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
অসুস্থতার জন্য এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।
কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এর আগের দিন শান্তর ছিটকে পড়ার খবর জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
“বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় চিকিৎসক দলের মূল্যায়নের পর, শান্তকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল প্রথম পাওয়া ফ্লাইটেই সে দেশে ফিরবে।”
এশিয়ান গেমসে এ নিয়ে দুই জন খেলোয়াড় হারাল বাংলাদেশ। এর আগে চোটের জন্য ছিটকে যান অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বায়জেদুল ইসলাম খান এক বার্তায় শান্তর অসুস্থতা ও দেশে ফেরত পাঠানোর কারণ জানান।
“নাজমুল হোসেন শান্ত ফ্লাইট থেকে আসার পর থেকেই জ্বরে ভুগছে। মূলত ফ্লাইট থেকেই জ্বরটা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত জ্বর উঠানামার মধ্যেই আছে, লো গ্রেড জ্বর। এখন পর্যন্ত জ্বরের যে অবস্থা, ওর শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে।
“আজ যেহেতু চতুর্থ দিন হয়ে গেল, আমরা ওর রক্ত পরীক্ষা করিয়েছি। রক্ত পরীক্ষার রিপোর্টও আসছে। তো কিছু ‘ইনফেকশনাস এজেন্ট’ আছে ওর শরীরে। কিন্তু এছাড়া ভাইরাল যেগুলি পরীক্ষা করা হয়েছে ওগুলিতে নেগেটিভ আসছে। ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ আসছে, কোভিড নেগেটিভ আসছে। চার দিন পার হয়ে গেছে, এখনও যেহেতু জ্বরে ভুগছে এবং শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে ওর পুরোপুরি সেরে উঠতে ফাইনাল পেরিয়ে যাবে। যেহেতু তাকে ফাইনালেও পাওয়া যাবে না তাই তাকে দেশে ফেরানো হচ্ছে।"
