০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কোকেন সেবন করে নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন

ধরা পড়ার তিন সপ্তাহ পর কোকেন সেবনের কথা স্বীকার করেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 10:35 AM

Updated : 06 Nov 2026, 10:35 AM

ঘটনা গত জুলাই-অগাস্টের। খোলাসা হলো এতদিনে। ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোকেন সেবনের দায়ে গত অগাস্টে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন। এরপর একটি পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিয়েছেন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

গত ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডেতে একটি সাধারণ ডোপিং-বিরোধী পরীক্ষা দেন লিন। সেদিন দুই ম্যাচে তিনি ৩৯ ও ৪ রান করেন এবং তার দল নর্থ্যাম্পটনশায়ার তৃতীয়বারের মতো শিরোপা জেতে। এরপর ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের মূত্রের নমুনা বিশ্লেষণের জন্য ফ্রান্সের একটি পরীক্ষাগারে পাঠানো হয়, যেখানে কোকেনের একটি মেটাবোলাইট, বেনজোইলেকগোনিনের উপস্থিতি নিশ্চিত হয়।

টি-টোয়েন্টি ব্লাস্টের পরপরই লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কা যান লিন। কিন্তু গল গ্যালান্টসের হয়ে একটি ম্যাচ খেলার পর গত ২৯ জুলাই পায়ের চোটের কারণে তিনি ছিটকে যান। এর দুই দিন পরই ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাকে অবহিত করে তার মূত্র নমুনার প্রতিকূল বিশ্লেষণমূলক ফলাফল সম্পর্কে এবং তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

তিন সপ্তাহ পরে, লিন নিশ্চিত করেন যে তিনি “১৫ জুলাই ২০২৬-এর সন্ধ্যা থেকে ১৬ জুলাই ২০২৬-এর ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার জন্য” কোকেন ব্যবহার করেছিলেন। সেই সন্ধ্যার শুরুতে, গ্লস্টারশায়ারের বিরুদ্ধে নর্থ্যাম্পটশায়ারের কোয়ার্টার-ফাইনাল জয়ের ম্যাচে ডুয়ান ইয়ানসেনে একটি লো ফুল-টস ডেলিভারি পায়ে লাগলে লিন আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

ইংল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা লিনের এই দাবি মেনে নেয় যে, তার মাদক ব্যবহার প্রতিযোগিতার বাইরে ঘটেছিল এবং এটি ক্রীড়া নৈপুণ্যের সঙ্গে সম্পর্কিত ছিল না। শাস্তিও তাই খুব কঠোর হয়নি।

লিনকে প্রাথমিকভাবে ইসিবির ডোপিং-বিরোধী আইনের দুটি ধারায় অভিযুক্ত করা হয়েছিল, যদিও পরে দুটি অভিযোগের মধ্যে একটি প্রত্যাহার করা হয়, কারণ তার মূত্রের নমুনায় কোকেনের মাত্রা ওয়ার্ল্ড অ্যন্টি-ডোপিং অথোরিটর নিয়ম অনুযায়ী অভিযোগ আনার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন মাত্রার চেয়ে কম ছিল।

নিয়ন্ত্রক সংস্থা প্রাথমিকভাবে লিনকে তিন মাসের জন্য নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তিনি একটি ‘মাদকাসক্তি চিকিৎসা কর্মসূচি” সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করার পর এই নিষেধাজ্ঞা কমিয়ে এক মাস করা হয়। তার সাময়িক নিষেধাজ্ঞা শুরু হওয়ার এক মাস পর, গত ৩০ আগস্ট এটি সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হয়।

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন লিন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় একসময় তুমুল চাহিদা ছিল আগ্রাসী এই ব্যাটসম্যানের। সেরা সময়কে এখন পেছনে ফেলে এলেও খেলছেন বিভিন্ন লিগে। সামনের বিগ ব্যাশের জন্য তিনি এখনও কোনো দলে চুক্তিবদ্ধ হননি। তবে মেলবোর্ন রেনেগেডসে খেলবেন বলে শোনা যাচ্ছে। এই দলে খেলবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও।