২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৬০০ উইকেটের ঠিকানায় ব্রড

সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দ্বিতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন স্টুয়ার্ট ব্রড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:35 PM

Updated : 19 Jul 2023, 09:54 PM

স্টুয়ার্ট ব্রডের শর্ট বল পুল করার চেষ্টায় ঠিকমতো পারলেন না ট্রাভিস হেড। ফাইন লেগে ক্যাচ মুঠোয় জমালেন জো রুট। অভিজ্ঞ ইংলিশ পেসার ছুঁয়ে ফেললেন কাঙ্ক্ষিত মাইলফলক। সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দ্বিতীয় পেসার হিসেবে তিনি পৌঁছে গেলেন ৬০০ উইকেটের ঠিকানায়।

অ্যাশেজের ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন এই কীর্তি গড়েন ব্রড। পেস-স্পিন মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৬০০ বা এর বেশি উইকেট নিলেন তিনি।

মাইলফলক ছোঁয়া উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এককভাবে ইংল্যান্ডের সর্বোচ উইকেট শিকারিও হয়ে গেলেন ব্রড (১৪৯ উইকেট)। তিনি ছাড়িয়ে গেলেন ইয়ান বোথামকে (১৪৮ উইকেট)।

এই ম্যাচের আগে ৬০০ উইকেট থেকে দুই ধাপ দূরে ছিলেন ব্রড। ম্যাচের পঞ্চম ওভারে উসমান খাওয়াজাকে এলবিডব্লিউ করে এক ধাপ এগিয়ে যান ৩৭ বছর বয়সী বোলার। চা-বিরতির পর প্রথম ওভারে হেডকে ফিরিয়ে পা রাখেন মাইলফলকে।

স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে ব্রডের কীর্তি। গোটা স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে।

২০০৭ সালের ডিসেম্বরে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ব্রডের। শুরুর ম্যাচে এক ইনিংসে বোলিং করে পেয়েছিলেন স্রেফ একটি উইকেট।

প্রায় ১৬ বছর পর ১৬৬তম টেস্টে এলো তার ৬০০ নম্বর উইকেট। ফাস্ট বোলারদের মধ্যে ব্রডের আগে এই কীর্তি গড়েন পেস বোলিংয়ে তার দীর্ঘদিনের সঙ্গী জেমস অ্যান্ডারসন। দুজনই খেলছেন ওল্ড ট্র্যাফোর্ডে।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সফলতম বোলার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে তার পরে আছেন গত বছর না ফেরার দেশে পাড়ি জমানো শেন ওয়ার্ন।

ম্যানচেস্টার টেস্টের আগে অ্যান্ডারসনের উইকেট ৬৮৮টি। ৬১৯ উইকেট নিয়ে চারে আছেন অনিল কুম্বলে। সাবেক ভারতীয় স্পিনারকে ছাড়িয়ে যাওয়া হয়তো স্রেফ সময়ের ব্যাপার ব্রডের জন্য।