২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কোহলি-রোহিত থাকলে বিশ্বকাপ জয়ের ‘৯০ শতাংশ’ সম্ভাবনা দেখছেন রায়না

এক বছর পরের ওয়ানডে বিশ্বকাপ দলে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে রাখার পক্ষে মত দিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান।

কোহলি-রোহিত থাকলে বিশ্বকাপ জয়ের ‘৯০ শতাংশ’ সম্ভাবনা দেখছেন রায়না
ভিরাট কোহলি ও রোহিত শার্মা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 08:42 PM

Updated : 23 Sep 2026, 08:42 PM

আগামী ওয়ানডে বিশ্বকাপের দলে রোহিত শার্মা ও ভিরাট কোহলির জায়গা পাওয়া উচিত কি না, তা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা মত। তবে ভারতীয় সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়নার বিশ্বাস, এই দুইজন থাকলে ভারতের বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা থাকবে।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। ওই সময় রোহিতের বয়স পেরিয়ে যাবে চল্লিশ। আর বিশ্বকাপ চলার সময় ৩৯ পূর্ণ করবেন কোহলি। ততদিন তারা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন কি না বা বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন কি না, এসব নিয়ে রয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় বলে ভারতের জার্সিতে এখন কেবল ওয়ানডে খেলছেন কোহলি ও রোহিত। তাই ম্যাচ খেলার খুব বেশি সুযোগ স্বাভাবিকভাবেই পান না তারা। তবে মাঠে নামলে এখনও নিজেদের উজাড় করে খেলেন দুই তারকা ব্যাটসম্যান। সবশেষ ওয়ানডে সিরিজেই যেমন ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার এক সেঞ্চুরি করেন রোহিত। দুটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন কোহলি।

ভারতের পরের ওয়ানডে সিরিজ ঘরের মাঠে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চলতি মাসের শেষ দিকে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। এই সিরিজের দলে আছেন কোহলি ও রোহিত। আগামী বছরের বিশ্বকাপেও তাদের দেখতে চান রায়না।

“আমাদের দলে রান করার মেশিন আছে। দুর্দান্ত একজন অধিনায়কও আছে, আইপিএলে ও দেশের হয়ে যে অনেক শিরোপা জিতেছে।

“রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের সঙ্গে আমি অনেক ম্যাচ খেলেছি। এবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে (সঙ্গে নামিবিয়ায়) বিশ্বকাপ হবে। আমার মনে হয়, দুজনকেই দলে পাওয়া গেলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা থাকবে আমাদের।”

ভারতের সাবেক নির্বাচক সান্দিপ পাটিলও উচ্ছ্বসিত প্রশংসা করেন রোহিত-কোহলির। তবে প্রয়োজন হলে তাদের জায়গায় পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সম্ভাবনাকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

“এটা আসলে এই দুই ক্রিকেটারের ওপর নির্ভর করছে। তারা কি খেলা চালিয়ে যেতে চায়? তারা কি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবে? নির্বাচকদের পরিকল্পনা কী? তারা কি ভবিষ্যতের কথা ভাববেন? বর্তমান খেলোয়াড়দের কথা চিন্তা করার পাশাপাশি সময় এলে তাদের দল থেকে বাদ দিতে হলে জায়গা নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী কেউ আছে কি না, সেটিও আমাদের সব সময় বিবেচনায় রাখতে হবে। আর ভারত দলের বেঞ্চের শক্তির কথা বিবেচনা করলে… আমার মনে হয় না, ভিরাট বা রোহিত দলে থাকুন কিংবা না থাকুন, কোনো সমস্যা হবে।

“এই দুজন অনেক বছর ধরে খেলছেন এবং কিংবদন্তি হিসেবেই বিবেচিত হবেন। সাদা বলের ক্রিকেটে রোহিত শার্মা অসাধারণ একজন খেলোয়াড়। আর ভিরাটের কথা যত বেশি বলব, ততই কম বলা হবে।”