১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই অধিনায়কের চোখেই আউট ছিলেন না নিসানকা

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার পাথুম নিসানকার আউট নিয়ে চলছে তুমুল বিতর্ক।

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 12:59 PM

Updated : 28 Aug 2022, 12:59 PM

আল্ট্রাএজ-এ ব‍্যাটে বল স্পর্শ করার সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। বড় পর্দায় দেখানো মাত্র আনন্দে চিৎকার করে উঠেছিলেন শ্রীলঙ্কান সমর্থেকরা। দুই ব‍্যাটসম‍্যান চলে যাচ্ছিলেন ক্রিজের দুই প্রান্তে। আফগানিস্তানের ফিল্ডাররা ফিরে যাচ্ছিলেন যার যার জায়গায়। এমন সময়ে সবাইকে বিস্ময়ে ভাসিয়ে তৃতীয় আম্পায়ারের রায়, ব্যাটসম্যান আউট!

দুবাই ইন্টারন‍্যাশনাল স্টেডিয়ামে শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম‍্যাচের দ্বিতীয় ওভারে ঘটে এই কাণ্ড। আফগান পেসার নাভিন উল হকের অনেকটা লেগ কাটারের মতো ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি লঙ্কান ওপেনার পাথুম নিসানকা। জোরাল আবেদনে সাড়া দিয়ে কট বিহাইন্ড দেন আম্পায়ার।

নিসানকা রিভিউ নেন। কয়েকবার রিপ্লে দেখার পরও পরিষ্কার হওয়া যায়নি ব্যাটে বল স্পর্শ করেছে কিনা। এসব ক্ষেত্রে আল্ট্রা এজ বড় ভূমিকা রাখে। কিন্তু সেখানে সামান্যতম স্পাইকও দেখা যায়নি। তার পরও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার। বিস্ময় নিয়ে মাঠ ছাড়েন লঙ্কান ব‍্যাটসম‍্যান।

৮ উইকেটে ম‍্যাচ হেরে যাওয়ার পর সংবাদ সম্মলেনে লঙ্কান অধিনায়ক শানাকা সরাসরিই বললেন, নিসানকা আউট ছিলেন না।

“এর আগে সিংহলিজ ভাষায় ব‍্যাপারটা বলছিলাম, নিসানকার আউট নিয়ে। এই যে এত প্রযুক্তি (ব্যবহার হয় ক্রিকেটে)… আমার মতে, এটা আউট নয়। সব সময়ই আমাদের সঙ্গে ভুল হয়। যদি প্রযুক্তি থাকার পরও এমন হয়, আমার মনে সামনের ম‍্যাচগুলোতে তাদের আম্পায়ারের সিদ্ধান্তকে আরও বেশি বিবেচনায় রাখা উচিত হবে।”

আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি শুরুতে বুঝতে পারছিলেন না আম্পয়ারের কোন সিদ্ধান্ত নিয়ে দ্বিমত করে গেছেন লঙ্কান অধিনায়ক। পরে অবশ‍্য বুঝতে পেরে জানান নিজের অভিমত।

“আমি জানি না, কোন সিদ্ধান্ত নিয়ে (শানাকার সংশয় থাকতে পারে)। সম্ভবত স্নিক করাটা? নিক করা, যেটা কিপার গ্লাভসে নিয়েছিল?”

“আমি জানি না… এটা আম্পায়ারের সিদ্ধান্ত। তবে আমি ভেবেছিলাম, এটা আউট নয়। হঠাৎই দেখি ব‍্যাটসম‍্যান আউট। এই তো।”