‘দ. আফ্রিকা ও নামিবিয়ায়’ ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব
আগামী বছর এসএ টোয়েন্টি শেষে এবং আইপিএলের আগে হবে ১০ দলের এই প্রতিযোগিতা।
দুটি দেশ যৌথভাবে আয়োজন করবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ‘দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়’ হবে ১০ দলের এই প্রতিযোগিতা। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২১ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে মাঠের লড়াই।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। আগামী বছরের ২ অক্টোবর থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি বৃহস্পতিবার প্রকাশ করে আইসিসি।
বাছাইপর্বের সূচি কিংবা গ্রুপিং এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। চলতি বছরের শুরুতে সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোকে আইসিসি জানিয়েছিল, টুর্নামেন্টটি হতে পারে ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চের মধ্যে।
ক্রিকইনফোর খবর, গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় সংশোধিত তারিখ চূড়ান্ত করা হয়। তাতে চার দিন পিছিয়ে যায় বাছাইপর্ব শুরুর তারিখ, আর দুই দিন এগিয়ে আনা হয় ফাইনাল।
সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকইনফো তাদের শুক্রবারের প্রতিবেদনে লিখেছে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়াকেই আয়োজক হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি।
এবারের বাছাইপর্বে আইসিসির দুই পূর্ণ সদস্য দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি শেষে এবং ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আইপিএলের আগে বাছাইপর্ব হওয়ায় প্রথম পছন্দের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টি। আসরের পর্দা নামবে ২১ ফেব্রুয়ারি। আর আইপিএল শুরু হতে পারে মার্চের শেষ দিকে।
সহ-আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আরেক সহ-আয়োজক নামিবিয়া পূর্ণ সদস্য দেশ না হওয়ায় তাদের পেরিয়ে আসতে হবে বাছাইয়ের বৈতরণী।
গত ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে তালিকার প্রথম আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। দলগুলো- ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।
১৪ দলের বিশ্বকাপের বাকি চার দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল নিয়ে হবে তিন ম্যাচের একটি সুপার সিরিজ। নামিবিয়ায় অনুষ্ঠেয় সেই সুপার সিরিজের বিজয়ী দলও মূল পর্বের টিকেট পাবে।
বাছাইপর্বে খেলবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-এর শীর্ষ চার দল। সেখানে এখন পয়েন্ট টেবিলের প্রথম চার দল- স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ওমান। প্লে-অফ থেকে তাদের সঙ্গে যুক্ত হবে আরও চার দল। প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ১ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে, তবে ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি।
এই প্লে-অফে খেলবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-এর নিচের চার দল- এখন সেখানে আছে নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। প্লে-অফে তাদের সঙ্গে থাকবে চ্যালেঞ্জ লিগের শীর্ষ চার দল। পয়েন্ট টেবিল অনুযায়ী আপাতত সেই চার দল- ইতালি, উগান্ডা, জার্সি ও কুয়েত।
নামিবিয়ার প্লে-অফ না খেলেই বাছাইপর্বে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের বিপক্ষে (দুটি করে) সামনের চারটি ম্যাচে জিততে হবে তাদের। পাশাপাশি ওমান, নেপাল ও কানাডার মধ্যকার ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে আসতে হবে।
