Published : 19 Sep 2026, 06:40 PM
চোট কাটিয়ে মাঠে ফেরার দুয়ারে দাঁড়িয়ে ব্রেন্ডান ডগেট। ভারতে ‘এ’ দলের সিরিজ খেলার অপেক্ষায় আছেন তিনি। এশিয়ার দেশটির উষ্ণ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ কিছু করে, বোর্ডার-গাভাস্কার ট্রফির দলে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখতে চান অস্ট্রেলিয়ান এই পেসার।
গত অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডগেটের। সিরিজে দুটি টেস্ট খেলে নেন সাত উইকেট। এরপর ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলার পর গুরুতর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। যে কারণে গত ফেব্রুয়ারি থেকে খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ।
ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেই সিরিজের দলে আছেন ডগেট। ফেরার লড়াইয়ে থাকা এই বোলার দীর্ঘ পরিসরের ম্যাচ দিয়ে নিজের শরীরের সক্ষমতা যাচাই করার অপেক্ষায় আছেন।
চার দিনের ম্যাচ দুটিই হবে পুদুচেরিতে। আগামী মঙ্গলবার শুরু প্রথমটি, দ্বিতীয় ২৯ সেপ্টেম্বর। সিরিজটিকে সামনে রেখে নিজের শারীরিক অবস্থা নিয়ে জানান ডগেট।
“এখন পর্যন্ত শরীর ভালোই আছে। বোলিংও করছি। ভারত ‘এ’ দলের বিপক্ষে পারফর্ম করার অপেক্ষায় আছি। কিছু টেস্ট ক্রিকেট খেলার আশায় আছি। গত দুই মাস ধরে সম্ভবত পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করছি। তাই সবকিছুই ভালো এবং নিয়ন্ত্রণে আছে।”
‘এ’ দলের এই সিরিজ দিয়ে ২০২৬-২৭ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। ভারতে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ।
ভারতের বিপক্ষে ওই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ও নিউ জিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির পর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলবে তারা। আগামী এক বছরে ২০টি টেস্ট খেলার কথা রয়েছে দলটির। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললে সংখ্যাটা হবে ২১।
স্বাভাবিকভাবেই ঠাসা এই সূচিতে দলের পেসাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কথা ভাববে অস্ট্রেলিয়া। আর এতেই মূলত সামনে কিছু টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা দেখছেন ডগেট। সেটাকে বাস্তবে রূপ দিতে ভারতে ‘এ’ দলের এই সিরিজটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এখানে ভালো করে বর্ডার-গাভাস্কার ট্রফির দলে জায়গা করে নিতে চান এই ক্রিকেটার।
“আশা করি, বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট দলে থাকতে পারব। একজন অস্ট্রেলিয়ান হিসেবে সবচেয়ে বড় সিরিজের একটি এটি। ছোটবেলা থেকে ভারতে টেস্ট ক্রিকেট দেখে আসছি। এখানে খেলাটা বেশ কঠিন এবং অস্ট্রেলিয়ায় আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিংবা ইংল্যান্ডে যে অভিজ্ঞতা হয়, তার চেয়ে এটি ভিন্ন। তাই আশা করি, দলে থাকতে পারব এবং ওই সিরিজে ভূমিকা রাখতে পারব।”