আবু হায়দারের ছোবলে এলোমেলো বরিশালের ব্যাটিং
এই পেসারের নৈপুণ্যে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে ঢাকা মেট্রো।
বল হাতে নিজেকে মেলে ধরেন আবু হায়দার রনি। বরিশাল বিভাগকে দুইশর আগে থামিয়ে দিতে বাঁহাতি এই পেসার রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে ঢাকা মেট্রোও।
জাতীয় লিগের ম্যাচে বরিশালকে ১৬৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৯০ রানের লিড নিয়েছে মেট্রো। পরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১০৬ রান করে তৃতীয় দিন শেষ করেছে তারা। এগিয়ে আছে ১৯৬ রানে।
দুর্দান্ত বোলিং উপহার দিয়ে ৫৯ রানে ৫ উইকেট নেন আবু হায়দার। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার পঞ্চম পাঁচ উইকেট।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার ২ উইকেটে ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বরিশাল। ৬২ রানেই হারিয়ে ফেলে তারা ৮ উইকেট।
এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন সালমান হোসেন। তাকে দারুণ সঙ্গ দেন রুয়েল মিয়া। দুজনে গড়েন ১০৩ রানের জুটি।
রুয়েকে ফিরিয়ে এই জুটির প্রতিরোধ ভাঙেন আবু হায়দার। সঙ্গে পূর্ণ করে পাঁচ উইকেট। এর আগে ফজলে মাহমুদ, সোহাগ গাজী, মইন খান ও তানভির ইসলামও ছিলেন তার শিকার।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া সালমান ১০ চার ও ১ ছক্কায় ১২৯ বলে খেলেন ৭৬ রানের ইনিংস।
ব্যাটিংয়ে নামা মেট্রোর টপ অর্ডার তিন ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ ও শামসুর রহমান পান ভালো শুরু। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মার্শাল আইয়ুব এবার ফেরেন কেবল ১ রানে। একশর আগে আরও দুই উইকেট হারায় মেট্রো। ৯২ রানে ৬ উইকেট হারানো দলকে টানছেন আইচ মোল্লা ও আবু হায়দার।
বরিশালের হয়ে তিনটি উইকেট নেন তানভির, কামরুল ইসলাম দুটি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৫৫
বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৫৫.২ ওভারে ১৬৫ (আগের দিন ৯/২) (কামরুল ১, সায়েম ৮, ফজলে মাহমুদ ২৪, সালমান ৭৬, সোহাগ গাজী ১০, মইন ০, তানভির ১, রুয়েল ২৫, শাহিন ০*; আবু হায়দার ১৬-৩-৫৯-৫, গালিব ১৫-৫-৩৯-২, স্বাধীন ১৪-৪-৪৫-১, রকিবুল ৪-০-৬-০, শরিফুল্লাহ ৬.২-১-১২-১)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৩২.৩ ওভারে ১০৬/৬ (মাহফিজুল ১৫, নাঈম শেখ ২৩, শামসুর ২৭, মার্শাল ১, আইচ ১১*, জাহিদুজ্জামান ২, শরিফুল্লাহ ১৩, আবু হায়দার ৬*; কামরুল ১৪-৩-৪৫-২, রুয়েল ৬.৩-১-২৯-১, তানভির ১১-৩-২৬-৩, সোহাগ ১-০-৩-০)
মামুন-নাঈমের ফিফটি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুই দিনের খেলা ভেসে যাওয়ার পর বুধবার মাঠে গড়িয়েছে রংপুর ও সিলেট বিভাগের তৃতীয় রাউন্ডের ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় দুপুরে। নিশ্চিত ড্রয়ের পথে থাকা ম্যাচে ফিফটি করেছেন আব্দুল্লাহ আল মামুন ও নাঈম ইসলাম।
৪ ছক্কা ও ৭ চারে ৭৯ রানে অপরাজিত আছেন মামুন। ৬ চারে ১৫৬ বলে ৫৬ রানে খেলছেন নাঈম।
প্রতিপক্ষের দুই উইকেটই নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৭২/২ (মাইশুকুর ৩, মামুন ৭৯*, তানভির ১২, নাঈম ৫৬*; আবু জায়েদ ১২-১-৪১-২, তানজিম ১৪-৩-৩১-০, মহিউদ্দিন ৭-০-১৯-০, নাবিল ১৭-৬-৩৩-০, আল আমিন জুনি. ২-০-৭-০, রাহাতুল ৩-১-১৭-০, গালিব ২-০-৭-০)
ব্যর্থ ইমরুল, অমিতের ফিফটি
বৃষ্টি ও ভেজা মাঠ মিলিয়ে দুই দিন ভেস্তে যাওয়ার পর খুলনা ও রাজশাহী বিভাগের ম্যাচও শুরু হয়েছে বুধবার। টস জিতে ব্যাটিং নিয়ে ৪ উইকেটে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আরেকটি মাঠে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি আউটফিল্ড ভেজা থাকায়। পরে ব্যাটিংয়ে নেমে প্রান্তিক নওরোজ নাবিলের পর দ্রুত বিদায় নেন অভিজ্ঞ ইমরুল কায়েসও (১ চারে ৫)।
দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান খেলে অপরাজিত আছেন আমিত মজুমদার। তার ১০৯ বলের ইনিংসে চার ৭টি। শেখ মেহেদি হাসান করেছেন ৬ চারে ৪০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ ১ম ইনিংস: ৪২ ওভারে ১৫৬/৪ (প্রান্তিক ১৪, অমিত ৫৮*, ইমরুল ৫, নাহিদুল ১২, শেখ মেহেদি ৪০, রোয়েন ১৮*; নাহিদ ৮-০-২৪-০, পায়েল ১৫-২-৫৭-১, ফরহাদ রেজা ৭-১-১৭-২, সানজামুল ৯-১-৩২-০, নাহিদ উজ জামান ২-০-১৯-০)
ভেস্তে গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ম্যাচের তৃতীয় দিনও। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের পর এই ম্যাচে আর মাঠে গড়ায়নি বল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৩.৩ ওভারে ৫৪/২ (মজিদ ২৬, রনি ৮, মাহিদুল ১, রকিবুল ১২*; সাইফ ৭.৩-২-১৯-০, ইয়াসিন ৭-২-১৩-২, শরিফ ৫-২-১০-০, মুরাদ ৪-১-৬-০)
