পদত্যাগের প্রশ্নে তামিম বললেন, ‘গঠনতন্ত্র অনুসরণ করব’
আগামী রোববার বোর্ড সভা থেকে বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন ।
বিসিবি নির্বাচনের আগে পদত্যাগ করার কোনো ভাবনা নেই বলে জানালেন বোর্ডের অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল। গঠনতন্ত্র অনুসরণ করে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দেশের সাবেক এই অধিনায়ক।
বিসিবির সবশেষ নির্বাচনে অনেক অনিয়ম ও দুর্বলতা খুঁজে পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে গত ৭ জুলাই তামিমের নেতৃত্বে অ্যাড-হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম মসৃণভাবে চালিয়ে নেওয়ার পাশাপাশি তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার নির্দেশনা দেওয়া হয় এই কমিটিকে।
তামিম আগেই জানিয়েছিলেন, নির্বাচনের জন্য তিন মাস সময় নেবেন না তারা। বিসিবিতে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বললেন, শিগগিরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
“আমরা আমি চেষ্টা করব সবার সঙ্গে কথা বলে তিন তারিখে একটা বোর্ড মিটিং করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেওয়ার। প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই নির্বাচন হয়ে যায়, যেটা আমাদের ডেডলাইনের অন্তত দুই-তিন সপ্তাহ আগে হবে।”
নির্বাচনের আগে সভাপতির দায়িত্ব থেকে তিনি পদতাগ করবেন কি না, এমন প্রশ্নও উঠল। তামিম বললেন গঠনতন্ত্র অনুসরণ করার কথা।
“পদত্যাগের কথা যেটা বলেছেন, আমরা এরকম কোনো চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি, প্রথম দিন থেকে বলেছি যে আমি নির্বাচন করব, প্রেসিডেন্টের নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব। আমি গঠনতন্ত্র অনুসরণ করব এবং গঠনতন্ত্রে যে ব্যাপারগুলো উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই এগোব।”
“যখন আপনি একটা নির্বাচন করতে চাইবেন, আপনার লিগ্যালি অনেক মতামত নিতে হয় যে কীভাবে এগোব। লিগ্যালি আমরা মোটামুটি একটা-দুইটা মতামত এর মধ্যেই পেয়ে গিয়েছি এবং আরও একটা-দুইটা হয়তো কালকে বা পরশু বা পরবর্তী ওয়ার্কিং ডেতে পেয়ে যাব।”
বিসিবির গত নির্বাচনেও অংশ নিতে মনোনয়নপত্র তুলেছিলেন তামিম। কিন্তু পরে ‘নির্বাচনে ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে সরে দাঁড়ান তিনি। পাতানো নির্বাচনের ছক সাজানো হয়েছে অভিযোগ করে তিনি বলেছিলেন, বিসিবির জন্য একটি কালো দাগ হয়ে থাকবে এই নির্বাচন।
সেই অভিযোগগুলোর কিছুটা আবার তুলে ধরে তামিম বললেন, তারা গঠনন্ত্র ও নিয়ম মেনে নির্বাচন আয়োজন করবেন।
“প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে (গত নির্বাচনে) আমি নিশ্চিত, আপনারাও জানেন, উদাহরণ হিসেবে একটা জিনিস, জেলা ও বিভাগ থেকে যারা আসে (কাউন্সিলর), এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না, গঠনতান্ত্রিকভাবে এটা সঠিক যে একটা অ্যাড-হক কমিটি করে দেব এবং এটা থেকেই নিতে হবে (কাউন্সিলর)। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দেবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকিয়ে দেবেন, এসব নিয়ে আমরা অনেক কিছু বলেছি।”
“আমরা যেটা যেভাবে করে সঠিকভাবে একটা নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচন হওয়া উচিত, আমরা ঠিক ওভাবেই করব। আমি তো একটা উদাহরণ দিলাম, সেখানে আরও অনেক পয়েন্ট ছিল, যেভাবে নির্বাচন করা হয়েছিল। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অন্তত দু-তিনটি সংবাদ সম্মেলন করেছি, দুই-তিনভাবে প্রশ্ন তুলেছি। আমার মনে হয় না রিপিট করার দরকার আছে।”
গত নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়েও তুমুল বিতর্ক হয়োছল এবং অনেক প্রশ্ন উঠেছিল। তামিম বললেন, তারা এই এটির অনৈতিক চর্চা বা ফায়দা নেবেন না। সব মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথা বললেন তিনি আবার।
“পোস্টাল ব্যালট সবসময় ছিল। পেস্টাল ব্যালট যদি পোস্টাল ব্যালটের মতো হয়, তাহলে অবশ্যই থাকতে পারে। এখন যদি একটা রুমে বসে সবাই একসঙ্গে বসে যদি করেন, সেটাই প্রশ্নবিদ্ধ ব্যাপার, তাই না? পোস্টাল ব্যালট যে নিয়মে আছে, ই-ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই-ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে, অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ ইয়োর পাওয়ার।”
“আমার তরফ থেকে কাজ হলো, যখন একটা ইসি (নির্বাচন কমিশন) গঠন হয়ে যাবে, নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটার সঙ্গে আমার সম্পর্ক নেই। আমার বা আমাদের কাজ হলো যে, আমরা দৈনন্দিন কার্যক্রম করতে থাকব, এখানে যদি কোন কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায়, এসবের ওপর ফোকাস করে থাকব। সিস্টেমে তো অনেক কিছু থাকে, কিন্তু আপনি কিভাবে ব্যবহার করছেন, এটার ওপর অনেক কিছু নির্ভর করে। যেহেতু আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে আমরা ফেয়ার ইলেকশন করতে পারব।”
জাতীয় ক্রীড়া পরিষদের যে কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই কমিটি কিছু সুপারিশও করেছে ভবিষ্যতের স্বার্থে। সেখানে আছে গঠনতন্ত্র কিছু বদল আনার সুপারিশও। তামিম বললেন, সেই সুপারিশ অনুসরণের এখতিয়ার তাদের নেই।
“এটা নির্বাচিত কমিটির জন্য (সুপারিশ)। আমাদের কোনো অধিকার নাই গঠনতন্ত্র পরিবর্তন করার।
