Published : 11 Aug 2026, 06:28 PM
টেম্বা বাভুমা (ওয়ানডে অধিনায়ক) ও এইডেন মার্করামের (টি-টোয়েন্টি) অনুপস্থিতিতে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার বিয়ন ফোরটান।
নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে তারা, তৃতীয় দল জিম্বাবুয়ে।
নতুন মৌসুম শুরুর আগে দুই অধিনায়কসহ নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে সফরে আরও যাচ্ছেন না কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন, কর্বিন বশ, কেশাভ মাহারাজ।
পূর্ণ শক্তির দলে বিবেচিত হতে পারেন, এমন কেবল তিনজন- ডেওয়াল্ড ব্রেভিস, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কিউনা মাফাকা যাচ্ছেন নামিবিয়া সফরে।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের যমজ ভাই ডুয়ান ইয়ানসেন। ডাক পেয়েছেন কর্বিন বশের ভাই ইথান বশ। দেশের হয়ে একটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। দুই ভাই জর্ডান হেনমান ও রুবিন হেরমান জায়গা পেয়েছেন দলে।
কিপার-ব্যাটসম্যান কনর এস্তেহেইজেন ও তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে।
২০২৫ সালের নভেম্বরের পর, প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন ফোরটান। দেশের হয়ে এখন পর্যন্ত ১৬ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলা স্পিনার নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন।
নামিবিয়া সফররের দক্ষিণ আফ্রিকা দল: বিয়ন ফোরটান, ইথান বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্তেহেইজেন, জর্ডান হেরমান, রুবিন হেরমান, ডুয়ান ইয়ানসেন, কিউনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ, প্রেনেলান সুব্রায়েন।