Published : 24 Jun 2026, 08:16 PM
বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে বিস্ময় ও স্তুতির জোয়ারে এবার একটু ভিন্ন স্রোতের দোলা দিলেন কাপিল দেব। এই বিস্ময়-বালকের প্রতিভায় মুগ্ধ তিনিও। তবে এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চান না তাকে নিয়ে। বয়স ২০-২২ হলেই কেবল তাকে সত্যিকার অর্থে যাচাই করে দেখবেন ভারতীয় কিংবদন্তি।
তাক লাগানো উত্থানের পথ ধরে সুরিয়াভানশি এখন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অপেক্ষা। ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি।
রেকর্ডটি এখন যার, সেই সাচিন টেন্ডুলকারের পথচলা শুরু হয়েছিল কাপিলের সামনেই। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর যে টেস্টে টেন্ডুলকারের অভিষেক ১৬ বছর ২০৫ দিন বয়সে, সেটিকে খেলেছিলেন কাপিলও। ভারতের সেই সময়ের বিস্ময়-বালককে পরের কয়েক বছর কাছ থেকেই দেখেছেন তিনি।
এখন সুরিয়াভানশির ক্ষেত্রেও টেন্ডুলকারের প্রসঙ্গ চলে আসে হরহামেশাই। কাপিলেরও মনে পড়ছে একই কথা। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলোচনায় ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কিছুটা সংশয় রেখেই বললেন, আরও কয়েক বছর অপেক্ষা করে দেখবেন সুরিয়াভানশিকে।
“বৈভাব এখনও খুবই ছোট। হ্যাঁ, সে এক বিশেষ প্রতিভা, এই তো। মাত্র ১৬ বছরের এক কিশোর এবং তার যা কিছু আছে, সবকিছুই ক্রিকেটই। যখন তার বয়স ২০-২২ হবে, তখন আমরা বিচার করব।”
“তার প্রতিভা নিঃসন্দেহে অসাধারণ। সে ১৬ বছর বয়সের সাচিনের মতো, কিন্তু সে কি অতদিন খেলতে পারবে? তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”
সেই পথ পাড়ি দেওয়ার একটি বড় মোড় আসতে পারে শুক্রবার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তার।