১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাইভ: ৭ উইকেটের হারে সিরিজ শুরু বাংলাদেশের

মিরপুর টেস্টের চতুর্থ দিন ২২ ওভারে ১০৬ রানের লক্ষ‍্য ছুঁয়েছে দক্ষিণ আফ্রিকা।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 10:46 AM

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৩০৭

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ‍্য ১০৬) ২২ ওভারে ১০৬/৩ 

২২ ওভারে জিতে গেল দক্ষিণ আফ্রিকা

চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ২২ ওভারেই ছুঁয়ে ফেলল তারা। 

রান তাড়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি সফরকারীদের। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন এইডেন মার্করাম ও টোনি ডি জোর্জি। মার্করাম ফেরেন ২০ রান করে। ছক্কা মারতে গিয়ে আউট হন ৪১ রান করা ডি জোর্জি।

পরে ডেভিড বেডিংহ্যামকেও ফেরান তাইজুল ইসলাম। রায়ান রিকেল্টনকে নিয়ে ম্যাচ শেষ করেন ৩০ রানে অপরাজিত থাকা ট্রিস্টান স্টাবস। 

প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয়বার ৩ উইকেট নেন তাইজুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৩০৭

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১০৬) ২২ ওভারে ১০৬/৩ (ডি জোর্জি ৪১, মার্করাম ২০, স্টাবস ৩০*, বেডিংহ্যাম ১২, রিকেল্টন ১*; হাসান ৫-২-১২-০, তাইজুল ১১-১-৪৩-৩, মিরাজ ২-০-১৩-০, নাঈম ২-০-২০-০, মুমিনুল ২-০-১৬-০)

বেডিংহ্যামকেও ফেরালেন তাইজুল

জয়ের দুয়ারে পৌঁছে ড্রেসিং রুমে ফিরলেন ডেভিড বেডিংহ্যাম। তাইজুল ইসলামের বল কট বিহাইন্ড হলেন ১৩ বলে ১২ রান করা মিডল-অর্ডার ব্যাটসম্যান।

১৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৯ রান।

নতুন ব্যাটসম্যান রায়ান রিকেল্টন। ২৬ বলে ২৪ রানে অপরাজিত ট্রিস্টান স্টাবস।

তাইজুলের দ্বিতীয় শিকার ডি জোর্জি

তাইজুল ইসলামের টার্নিং ডেলিভারিতে বড় শটের খোঁজে লং অনে ধরা পড়লেন টোনি ডি জোর্জি। আশা জাগিয়েও ফিফটির আগেই ফিরলেন বাঁহাতি ওপেনার। ৭ চারে ৫২ বলে তিনি করলেন ৪১ রান।

১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। জয় থেকে ৩৪ রান দূরে তারা। 

ক্রিজে দুই ব্যাটসম্যান ডেভিড বেডিংহ্যাম ও ট্রিস্টান স্টাবস।

মার্করামকে ফেরালেন তাইজুল

তাইজুল ইসলামের আর্ম ডেলিভারি যেন বুঝতেই পারলেন না এইডেন মার্করাম। তার রক্ষণ ফাঁকি দিয়ে বল আঘাত করল মিডল স্টাম্পে। প্রথম সাফল্য পেল বাংলাদেশ।

৪ চারে ২৭ বলে ২০ রান করেন মার্করাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস। ৩২ বলে ২২ রানে অপরাজিত টোনি ডি জোর্জি।

৯.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। জয়ের জন্য আর ৬৫ রান প্রয়োজন তাদের।

রিভিউ নিয়ে বাঁচলেন মার্করাম

ইনিংসের শুরু থেকে নিয়মিতই বেশ কয়েকটি ভালো ডেলিভারি করলেও উইকেট পাচ্ছে না বাংলাদেশ। অষ্টম ওভারে তাইজুল ইসলামের বলে রিভিউ নিয়ে বেঁচে গেছেন এইডেন মার্করাম।

স্টাম্পের ওপর ডেলিভারি সুইপ করেছিলেন মার্করাম। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে ব্যাটের নিচের কানা ছুঁয়েছে বল৷ তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বেঁচে যান মার্করাম।

৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৯ রান। জয় থেকে আর ৭৭ রান দূরে তারা।

মার্করাম ২১ বলে ১৪ ও টোনি ডি জোর্জি ২৭ বলে ১৫ রানে অপরাজিত।

হলো না মিরাজের সেঞ্চুরি, ৩০৭ রানে শেষ বাংলাদেশ

কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারি স্লিপ অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে চাইলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ঠিকঠাক খেলতে পারলেন না। ধরা পড়ে গেলেন স্লিপে, পেলেন না সেঞ্চুরি।

১০ চার ও ১ ছক্কায় ১৯১ বলে ৯৭ রান করে আউট হলেন মিরাজ। বাংলাদেশ গুটিয়ে গেলে ৩০৭ রানে। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান।

চতুর্থ দিন সকালে ৪.৫ ওভারে ২৪ রান করতে শেষ ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই ফেরেন নাঈম হাসান। দুই ওভার পর ফেরেন তাইজুল ইসলাম। শেষ জুটিতে বেশিক্ষণ খেলতে পারেননি মিরাজ।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৬ রানে ৬ উইকেট নেন রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৯.৫ ওভারে ৩০৭ (আগের দিন ২৮৩/৭) (মিরাজ ৯৭, নাঈম ১৬, তাইজুল ৭, হাসান ৪*; রাবাদা ১৭.৫-৪-৪৬-৬, মুল্ডার ১৩-৩-৪০-১, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)

তাইজুলকে ফেরালেন মুল্ডার

ভিয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে স্লিপে ধরা পড়লেন তাইজুল ইসলাম। ৯ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।

৭ বলে ৭ রান করেন তাইজুল। ক্রিজে শেষ ব্যাটসম্যান হাসান মাহমুদ। ১৮৮ বলে ৯৭ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।

৮৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩০৪ রান।

একশ ছাড়াল লিড

ভিয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দারুণ কাট শটে বাউন্ডারি মারলেন তাইজুল ইসলাম। তিনশ পূর্ণ হলো দলের স্কোর, একশ ছাড়াল লিড।

৮৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৩ রান। লিড এখন ১০১ রানের।

দ্বিতীয় নতুন বলের শুরুতেই উইকেট

নতুন দিনের শুরুতে দ্বিতীয় নতুন বল নিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই আঘাত করলেন কাগিসো রাবাদা। ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরলেন নাঈম হাসান।

খালি চোখেই নিশ্চিত আউট বোঝা যাওয়ায় রিভিউ নেননি ১৬ রান করা নাঈম। তাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ হলো রাবাদা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম। ৮৮ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের সংগ্রহ ৮৬ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান।

১৬০-১৭০ রানের লক্ষ্য দিতে চান মিরাজ

চতুর্থ দিনের খেলা শুরুর আগে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা বেশ ভালো খেলেছি, কয়েকটি জুটি হয়েছে। গতকাল (বুধবার) উইকেট ভালো ছিল। জাকেরের সঙ্গে ব্যাটিংয়ের সময় বাড়তি কোনো চাপ না নিয়ে বল বাই বল খেলার পরিকল্পনা ছিল৷ এই ধরনের উইকেটে বিশ্বাস থাকাটা জরুরি৷ তাদের বোলাররা ভালো। তাই আমাদের ভাবনা ছিল কীভাবে এই কন্ডিশনে রান করা যায়। আমরা যদি ১৬০-১৭০ রান করতে লিড নিতে পারি, তাহলে ভালো সুযোগ থাকবে৷

বিশ্বাসের মন্ত্রে জয়ের আশায় বাংলাদেশ 

দ্বিতীয় দিন শেষে ছিল ইনিংস পরাজয়ের শঙ্কা। তৃতীয় দিনের দারুণ ব্যাটিংয়ে কিছুটা বদলেছে দৃশ্যপট। লিড নিয়ে এখন উল্টো জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। 

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮১ রানে এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিড ছাপিয়ে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮৩ রান। 

স্বাগতিকদের আশার আলো হয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের নবম ফিফটিতে ১৭১ বলে ৮৭ রানে অপরাজিত তিনি। নাঈম হাসান খেলছেন ২৮ বলে ১৬৷ রানে। দুজনের জুটির সংগ্রহ ৩৩ রান। 

বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও যথাসময়ে খেলা শুরু নিয়ে তেমন শঙ্কা নেই।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে): 

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭ (আগের দিন ১০১/৩) (জয় ৪০, মুশফিক ৩৩, লিটন ৭, মিরাজ ৮৭*, জাকের ৫৮, নাঈম ১৬*; রাবাদা ১৫-৪-৩৫-৪, মুল্ডার ১১-৩-২৮-০, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)