১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ান পেসারের চোট

গত অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেসার এখন তাকিয়ে সামনের দক্ষিণ আফ্রিকা সফরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 01:21 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

অস্ট্রেলিয়ার মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গেই ছিলেন মাইকেল নিসার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনও করছিলেন নিয়মিত। সেই পালাতেই বিপত্তি। ডান পায়ের পেশিতে টান লাগায় আপাতত মাঠের বাইরে ছিটকে পড়েছেন এই পেসার।

গত অ্যাশেজে অসাধারণ পারফর্ম করার পরও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নিসার জায়গা পাননি মূল পেসারদের সবাই চোট কাটিয়ে ফেরায়। তবে শেষ সময়ে কারও চোট বা জরুরি প্রয়োজনে লাগতে পারে ভেবেই তাকে রাখা হয়েছিল দলের সঙ্গে। স্কোয়াডের অন্য সবার মতোই পুরোদমে অনুশীলনে ছিলেন তিনি।

কিন্তু রানিং সেশনের সময় পায়ের পেশিতে টান লাগে তার। এখন অন্তত এক মাসের পুনর্বাসনে থাকতে হবে। এরপর বোলিংয়ে ফিরতে পারবেন। 

৩৬ বছর বয়সী পেসালের লক্ষ্য আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। ফিট হয়ে উঠতে চান সেই সফরের আগেই।

প্যাট কামিন্স, জশ হেইজেলউডদের অনুপস্থিতিতে গত অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেন নিসার। তিন বছর পর টেস্টে ফিরে তিন ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যাট হাতেও। ওই পারফরম্যান্সের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে রাখা হয় তাকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ১১ মাসের মধ্যে ২০ থেকে ২১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই সময়ে মূল পেসারদের বাইরেও প্রয়োজন পড়বে নিশ্চিতভাবেই। এজন্যই কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে খেলতে না গিয়ে নিজেকে তরতাজা রাখছিলেন তিনি। তবু চোটের থাবায় পড়তে হলো তাকে।

অস্ট্রেলিয়ার অনুশীলনে ব্যাটিংয়ের সময় পিঠে টান লেগেছিল জশ ইংলিসেরও। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছে, চোট গুরুতর নয় এবং প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবেন এই কিপার-ব্যাটার।

আগামী ১৩ অগাস্ট ডারউইনে শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। 

টেস্টের আগে বৃহস্পতিবার থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের স্কোয়াডে একটি পরিবর্তন আানা হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগে বদলি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়ে খেলতে গেছেন টম রজার্স। তার বদলে ডাক পেয়েছেন জ্যাক ক্লেটন।