Published : 20 Nov 2025, 10:37 PM
স্টিভেন স্মিথের ক্যারিয়ারে কালো এক অধ্যায় স্যান্ডপেপার কেলেঙ্কারি। অ্যাশেজে অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যানকে নিষ্ক্রিয় রাখতে পুরনো সেই ঘটনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। যা একদমই ভালো লাগেনি স্মিথের। সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই তিনি পুরনো আরেক ঘটনা টেনে পানেসারকে খোঁচা মারলেন।
স্মিথের ক্যারিয়ারের সেই বিতর্কিত ও বিব্রতকর ঘটনাটি ২০১৮ সালের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিং করার অভিযোগে দুই সতীর্থ ক্যামেরন বেনক্রফট ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। ওই সময়ের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন তিনি, পরে নেতৃত্বও হারান।
অন্ধকার সেই সময় পেছনে ফেলে এসেছেন স্মিথ। এখন আবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তিনি, সেটা অবশ্য ভারপ্রাপ্ত হিসেবে। তার অধিনায়কত্বে এবারের অ্যাশেজ সিরিজ শুরু করবে দলটি। কারণ চোটের কারণে শুক্রবার শুরু হতে যাওয়া পার্থ টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
স্মিথের সাত বছরের পুরনো সেই ক্ষতে নতুন করে আঘাত করতে চান পানেসার। স্যান্ডপেপারের ওই ঘটনা মনে করিয়ে দিয়ে উত্তরসূরিদের স্মিথের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে বললেন ইংল্যান্ডের জার্সিতে ৫০ টেস্ট খেলা এই ক্রিকেটার।
জুয়ার একটি ওয়েবসাইটে সম্প্রতি আলোচনার সময় পানেসার বলেন, “বেন স্টোকস ও ইংল্যান্ড দল স্মিথকে অপরাধী অনুভব করাতে পারে এবং (মনস্তাত্ত্বিক) খেলাটা খেলতে পারে।”
“এমন কিছু বলতে পারে যে, ‘আমার মনে হয় না, তার অধিনায়কত্ব করাটা নৈতিক, আমি মনে করি না, সে খেলাটি সততার সঙ্গে খেলেছে।’ তাকে আঘাত করতে হবে এবং অপরাধী অনুভব করাতে হবে।”
ম্যাচের আগের দিন স্মিথের সংবাদ সম্মেলনের শুরুতেই ওঠে পানেসারের ওই মন্তব্যের প্রসঙ্গ। তখন ২০১৯ সালে বিবিসি টিভির একটি অনুষ্ঠান ‘সেলিব্রিটি মাস্টারমাইন্ডে’ পানেসারের উপস্থিতির কথা মনে করিয়ে দেন স্মিথ। প্রশ্নোত্তরের ওই অনুষ্ঠানে সাধারণ জ্ঞান পর্বে কেবল একটি সঠিক উত্তর দিতে পেরেছিলেন পানেসার।
“আমি এবার অন্য বিষয় নিয়ে কথা বলব। এই রুমে (সংবাদ সম্মেলনে) যারা আছেন, তাদের মধ্যে কে মাস্টারমাইন্ড দেখেছেন, আর সেখানে মন্টি পানেসারকে? কেউ দেখেছেন কি? যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কী বোঝাতে চাচ্ছি। যদি না দেখে থাকেন, তাদেরকে দেখতে বলব, কারণ এটা বেশ মজার।”
“যারা বিশ্বাস করে এথেন্স জার্মানিতে, অলিভার টুইস্ট বছরের একটি ঋতু এবং আমেরিকা একটি শহর, তাদের মতো মানুষের মন্তব্যে আমার আসলে কিছু যায় আসে না…”
স্মিথের কটাক্ষের পর পানেসারও দেরি করেননি পাল্টা জবাব দিতে।
“আমরা দুজনই ভুল করেছি। তবে আমি করেছি একটা কুইজ শোতে আর সে করেছে ক্রিকেট মাঠে।”