১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ওয়ানডে বিশ্বকাপ জিততে চান গিল

ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক বলেছেন, ২০২৭ সালের বিশ্বকাপ জয়ই এখন তাদের মূল লক্ষ্য।

এবার ওয়ানডে বিশ্বকাপ জিততে চান গিল
চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে শুবমান গিল। ছবি: গিলের ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

আইসিসি টুর্নামেন্টে একের পর এক শিরোপা জিতেই চলেছে ভারত। দেশের ক্রিকেটের অর্জনের মুকুটে পরের বছর আরেকটি পালক যুক্ত করতে চান শুবমান গিল। ভারতের ওয়ানডে অধিনায়ক বললেন, এখন তাদের মূল লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জয়।

ওয়ানডে বিশ্বকাপের গত আসরে শিরোপার দুয়ারে পৌঁছে গিয়েছিল ভারত। ২০২৩ সালে ঘরের মাঠের ওই টুর্নামেন্টে দাপুটে ক্রিকেট খেলে অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। ভারতের হৃদয় ভেঙে শিরোপা উল্লাস করে অস্ট্রেলিয়া।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। তিন বছর আগের ক্ষতে প্রলেপ দিতে ওই টুর্নামেন্টকেই পাখির চোখ করছেন গিল।

২০২৩ সালের ওই হৃদয় ভাঙা হারের পর থেকে একের পর এক ট্রফি জিতেই যাচ্ছে ভারত। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে তারা। গত বছর জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবার ঘরের মাঠে ধরে রাখে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

এছাড়া গত বছর উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে ভারত। বছরের শেষ দিকে প্রথমবারের মতো স্বাদ পায় উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শিরোপার। আর গত মাসে তারা জিতেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।

গত এক বছরে পাঁচটি আইসিসি শিরোপা জেতা দলকে রোববার সম্মাননা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য গিলও। সেখানেই পরের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।

“গতবার আমরা শিরোপা জয়ের খুব কাছে ছিলাম। আবারও ট্রফি জয়ের সম্ভাবনা জাগানোর জন্য দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আমাদের জন্য দারুণ একটি সুযোগ।”

“দেশের হয়ে যেকোনো সংস্করণে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত লক্ষ্য। তাই স্বাভাবিকভাবে মাঝেমধ্যেই এই বিষয়টি আমার মাথায় ঘোরে।”

যার নেতৃত্বে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত, সেই সুরিয়াকুমার ইয়াদাভের মতে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটারদের মধ্যে সাফল্যের এক জোয়ার এনে দিয়েছে।

“সেই একটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আইসিসি ট্রফি জিততে ঠিক কেমন লাগে, সেই স্বাদ পাওয়াটা সবার জন্য জরুরি ছিল।”

“এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। যেহেতু এই দারুণ পথচলা শুরু হয়েছে, তাই চলুন, যত সম্ভব শিরোপা জেতার চেষ্টা করি।”