২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুক ও স্মিথের ফিফটিতে ইংল্যান্ডের লিড

প্রথম ইনিংসে আড়াইশর নিচে গুটিয়ে যাওয়ার পর বল হাতে অবশ্য ভালোই লড়াই করছে শ্রীলঙ্কা।

ব্রুক ও স্মিথের ফিফটিতে ইংল্যান্ডের লিড
টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ ইনিংসে তিনটি ফিফটি করলেন জেমি স্মিথ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 12:04 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

বৃষ্টিতে ভেসে গেল দিনের প্রথম সেশন। আলোকস্বল্পতায় খেলা শেষ হয়ে গেল আগেভাগে। মাঝে যতটুকু খেলা হলো, ব্যাটে-বলে লড়াই হলো দারুণ। আসিথা ফার্নান্দোর ছোবল সামলে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ফিফটিতে লিড নিল ইংল্যান্ড।

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলা হতে পারে ৫৭ ওভার। ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৫৯ রান। ২৩ রানে এগিয়ে আছে তারা।

ক্যারিয়ারের চতুর্থ টেস্টে তৃতীয় ফিফটি করে ৭২ রানে অপরাজিত আছেন স্মিথ। তার ৯৭ বলের ইনিংসে ৫টি চারের পাশে ছক্কা একটি। ৭৩ বলে ৫৬ করে আউট হয়েছেন ব্রুক।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার উইকেটে পেসারদের জন্য সহায়তা যেমন ছিল, স্পিনারদের কিছু ডেলিভারিতে দেখা গেছে তীক্ষ্ণ টার্ন। বিনা উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড।

পরপর দুই ওভারে দারুণ দুটি ডেলিভারিতে বেন ডাকেট ও অলি পোপকে ফেরান আসিথা। এই পেসারের ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হন ডাকেট, শ্রীলঙ্কা উইকেটটি পায় শেষ মুহূর্তে রিভিউ নিয়ে। বোল্ড হন বেন স্টোকসের অনুপস্থিতিতে এই সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়া পোপ।

ভালো শুরু করেও ইনিংস টেনে নিতে পারেননি আড়াই বছর পর টেস্ট খেলতে নামা ড্যান লরেন্স। আরেক পেসার ভিশ্ব ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি ৩৯ বলে ৩০ রান করে।

৬৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জো রুট ও ব্রুক। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন দুজন। রুটকে (৫৭ বলে ৪২) ফিরিয়ে এই জুটিও ভাঙেন আসিথা। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে কিপারকে ক্যাচ দেন সাবেক ইংলিশ অধিনায়ক।

স্মিথকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন ব্রুক। ফিফটি করেন তিনি ৫৯ বলে। এরপর বেশিদূর যেতে পারেননি। অসাধারণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে ৬২ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়া।

স্মিথ আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে। ৮১ বলে ফিফটি পূর্ণ করেন তরুণ এই কিপার-ব্যাটসম্যান। 

ইংল্যান্ড লিড নেওয়ার পরপরই আরেকটি দারুণ ডেলিভারিতে ওকসকে (৬৫ বলে ২৫) বোল্ড করে দেন জায়াসুরিয়া, ভাঙে ৫২ রানের জুটি। এরপর আর বেশিক্ষণ খেলা হতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৩৬ 

ইংল্যান্ড ১ম ইনিংস: ৬১ ওভারে ২৫৯/৬ (আগের দিন ২২/০) (ডাকেট ১৮, লরেন্স ৩০, পোপ ৬, রুট ৪২, ব্রুক ৫৬, স্মিথ ৭২*, ওকস ২৫, অ্যাটকিনসন ৪*; ধানাঞ্জয়া ২-০-১৪-০, জায়াসুরিয়া ২১-৫-৫৮-২, আসিথা ১৪-০-৬৮-৩, ভিশ্ব ১৩-০-৫১-১, রাত্নায়েকে ৯-০-৫৩-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৩-০)