২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে কীভাবে হারাতে হয়, ‘জানা আছে’ সালমানের

‘আমরা জানি আমাদেরকে কী করতে হবে’, ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে বললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 08:16 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

অতীত ফলাফল বা সাম্প্রতিক পারফরম্যান্স, ভারতের সঙ্গে কোনেটিই বলার মতো নয় পাকিস্তানের। এই এশিয়া কাপেই তো দুই ম্যাচে খুব একটা লড়াই জমাতে পারেনি তারা। তবে ফাইনালে সেই ভারতকেই হারিয়ে দিতে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

যদিও বৃহস্পতিবারের ম্যাচের প্রথম ভাগ শেষেও বিদায়ের কাছাকাছি মনে হচ্ছিল পাকিস্তানকে। সেমি-ফাইনাল হয়ে ওঠা ম্যাচে তাদেকে মাত্র ১৩৫ রানেই আটকে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ১১ রানের জয়ে সালমানের দল পৌঁছে গেছে ফাইনালে। 

ব্যাটিংয়ে যে প্রত্যাশিত পুঁজি গড়তে পারেননি, মেনে নিচ্ছেন সালমান। জয়ের কৃতিত্ব দিলেন তিনি বোলারদের ও দলের হার না মানা মানসিকতাকে।

“আমাদের ১০-১৫ রানের ঘাটতি ছিল, কোনোভাবেই তা অস্বীকার করব না। তবে জানতাম, যদি নতুন বলে ভালো বোলিং করা যায়, তাহলে চাপ তৈরি করা যাবে। আর চাপ সৃষ্টি করতে পারলেই রান তাড়া করা কঠিন। আমরা নতুন বলে ভালো করেছি এবং নতুন বলে ভালো করা মানেই জয়ের সম্ভাবনা বেশি।”

“এই ধরনের ম্যাচ জিততে পারলে বুঝতে হবে, এই দলটা স্পেশাল। সবাই কিছু অবদান রেখেছে। শুরুর দিকে শাহিন যেভাবে বল করেছে, হারিস যেভাবে বল করেছে, সবকিছুই ছিল বিশেষ কিছু। আমরা নানাভাবে জয়ের পথ খুঁজে নিচ্ছি। উন্নতির অনেক জায়গা আছে অবশ্যই, ফাইনালে আরও ভালো করব আমরা।”

ব্যাটিংয়ে দুই ছক্কায় ১৯ রান করার পর বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট নিয়েছেন হারিস রউফও। 

বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরই মনের জোর বেড়েছে সালমানের। সেটিই ফুটে উঠেছে তার কণ্ঠে।

“খুবই রোমাঞ্চিত (ফাইনাল নিয়ে)। আমরা জানি আমাদের কী করতে হবে (ফাইনালে)। আমরা যে কোনো দলকে হারানোর মতো ভালো দল এবং রোববার মাঠে নেমে চেষ্টা করব তাদেরকে হারাতে।”

টি-টোয়েন্টিতে দুই দলের ১৫ লড়াইয়ে ভারতের জয় ১২টি, পাকিস্তানের ৩টি। এই আসরে প্রথম ম্যাচে ভারতীয়রা জিতেছে ৭ উইকেটে, পরেরটিতে ৫ উইকেটে। ফাইনাল ম্যাচ রোববার দুবাইয়ে।