আইসিসি র্যাঙ্কিং
Published : 20 Jan 2026, 03:15 PM
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগ্রাসী ফিফটি করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শারমিন আক্তার। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন তিনি।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। যেখানে শারমিন ছাড়া উন্নতি করতে পারেননি বাংলাদেশের আর কেউ।
যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারানোর ম্যাচে তিনে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ রান করেন শারমিন। ৩৯ বলের ইনিংসে ১ ছক্কা ও ৮টি চার মারেন তিনি। এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন এই ব্যাটার।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে এখন ৫৭তম স্থানে আছেন শারমিন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন কেবল একজন, এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে অধিনায়ক নিগার সুলতানা।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে আরেক অস্ট্রেলিয়ান- অ্যানাবেল সাদারল্যান্ড।
বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান। দুই ধাপ পিছিয়ে এই লেগ স্পিনার আছেন পঞ্চদশ স্থানে।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।