২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমূলের বিদেশ সফরে বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা

বিসিবির বিদায়ী পরিচালক নাজমূল আবেদীনের বিদেশ সফরের পেছনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে বিসিবি বা দেশের ক্রিকেট কতটা উপকৃত হয়েছে, সেই প্রশ্ন উঠছে।

নাজমূলের বিদেশ সফরে বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা
বিসিবির সাবেক পরিচালক নাজমূল আবেদীন। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

গত বছরের জানুয়ারি মাসের কথা। নানা বিতর্কের ঝড়ে বিপিএলের একাদশ আসর তখন টালমাটাল। মাঠের ভেতরে-বাইরে নানা বিতর্কে টুর্নামেন্ট জেরবার। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমূল আবেদীন (ফাহিম) তখন দেশেই নেই। তিনি তখন মালেয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী!

বিসিবির ভেতরেও‌ তখন প্রবল প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল। বিসিবির কয়েকজন পরিচালক তখন প্রশ্ন তুলেছিলেন তখনকার বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সেই সময়ের প্রধান ফারুক আহমেদের কাছে। বিপিএলের এমন লেজেগোবরে অবস্থার মধ্যে মেয়েদের অনূর্ধ্ব-১৯ আসরের মতো তুলনামূলক এত কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তার যেতে হলো কেন, প্রশ্নটি তখন ছিল বিসিবির ভেতরে ও বাইরে তুমুল আলোচিত। সমালোচনার মুখেই হোক বা অন্য কোনো কারণে, দিন পাঁচেক মালেয়েশিয়ায় থেকে ফিরে এসেছিলেন নাজমূল।

সেই সফর একটি উদাহরণ মাত্র। বিসিবি পরিচালক হিসেবে নাজমূলের প্রায় ২০ মাসের পথচলায় বিদেশ সফরের প্রতি তার বাড়তি অনুরাগ ছিল প্রবল আলোচিত অধ্যায়।

বিসিবি পরিচালক থাকার সময় তার বিদেশ সফরের খরচের একটি নথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পরিচালক হিসেবে ১০টি সফরে বিমান ভাড়া লেগেছে ১৩ লাখ ৭৫ হাজার টাকা দৈনিক ভাতা হিসেবে পেয়েছেন মোট ২৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকা। যেটির মানে, নাজমূলের বিদেশ সফরে বিসিবির খরচ মোট ৪০ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা। 

 প্রশ্ন উঠছে, এই টাকা খরচ করে তার সফরগুলো থেকে দেশের ক্রিকেট কতটা উপকৃত হয়েছে। 

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসে। সেই সময়ের সভাপতি নাজমুল হাসানসহ বোর্ড পরিচালকদের কয়েকজন ছিলেন নিখোঁজ। পরে অন্তবর্তী সরকার গঠনের পর বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুসকে পদত্যাগ করতে বলা হয়।

জালাল ইউনুস পদত্যাগ করেন দ্রুতই। আহমেদ সাজ্জাদুল আলম পদত্যাগ করেননি। তাকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও বিসিবির গঠনতন্ত্রে বলা আছে, মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত শাস্তি প্রদানের পরিপ্রেক্ষিতেই কেবল একজন পরিচালকের পদ শূন্য হতে পারে। মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে উপযুক্ত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত থাকতে হবে। শৃঙ্খলাজনিত শাস্তির বিষয় থাকলে সেটিও হতে হবে সংশ্লিষ্ট বিধি অনুসারে। আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

সরিয়ে দেওয়া সেই দুই পরিচালকের জায়গায় ফারুক আহমদ ও নাজমূল আবেদীনকে পরিচালক মনোনীত করে বিসিবি। আহমেদ সাজ্জাদুল আলম পদত্যাগ না করায় এই দুজনের একজনের মনোনয়নকে অবৈধই বলা যায় গঠনতন্ত্রের দৃষ্টিতে। ফারুক আহমেদ বিসিবি সভাপতিও হয়ে যান দ্রুতই। 

প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলেও নাজমূল ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ায় দেশের ক্রিকেটে নতুন আশার আলো দেখছিলেন অনেকেই। বাংলাদেশের ক্রিকেটে প্রায় সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেট ব্যক্তিত্ব ও বিশ্লেষক ছিলেন তিনি। বিসিবিতে দীর্ঘসময় নানা ভূমিকার চাকরি করেছেন বটে, তবে পরিচালক মানে তো সরাসরি নীতি নির্ধারক। পার্থক্য গড়ে দেওয়ার সুযোগ তাই অনেক বেশি ছিল। এছাড়াও বিসিবির বাইরে থাকার সময় নানা সময়ে বোর্ডের বিভিন্ন অসঙ্গতি নিয়ে বেশ সোচ্চার ছিলেন তিনি। এবার নিজে দায়িত্বে এসে অসঙ্গতিগুলো ঘুচিয়ে দেবেন বলেই আশা ছিল অনেকের।

কিন্তু দ্রুতই দেশের ক্রিকেটে আলোচনায় উঠে আসেন তিনি সফরপ্রীতি দিয়ে। বিসিবি পরিচালক হিসেবে সফরে তিনি যেতেই পারেন। তবে সেই সফর যদি ঘনঘন হয়, আঙুল ওঠাও স্বাভাবিক পরিচালক হওয়ার পর প্রথম ১০ মাসেই ৯টি সফরে গিয়েছিলেন তিনি। শুধু আইসিসি বা এসিসি আসরে নয়, নানা দ্বিপাক্ষিক সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন। এমনকি সংযুক্ত আরব আমিরাত সফরের মতো অগুরুত্বপূর্ণ সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন। প্রথম দুটি সফরে তার দৈনিক ভাতা ছিল ৩০০ ডলার। পরে তা বাড়িয়ে করা হয় ৪০০ ডলার।

প্রবল সমালোচনার কারণেই হোক বা অন্য কোনো কারণে, গত ৮ মাসে তিনি ১টি সফরে গিয়েছেন। 

এখন জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নাজমূলদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে। কিন্তু নাজমূলকে নিয়ে প্রশ্নটা রয়েই গেছে, তার ১০টি বিদেশ সফর থেকে বিসিবি বাংলাদেশের ক্রিকেট কতটা উপকৃত হয়েছে।

প্রশ্নটি নাজমূলের কাছেই জিজ্ঞেস করতে তাকে ফোন করা হয়েছিল। তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে তাকে বার্তা পাঠানো নয়, বিসিবি পরিচালক থাকার সময় বিদেশ সফর সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রশ্নের কথা জানি। তিনি কিছুক্ষণ পর জবাব দেন, “সব তো বলা হয়ে গেছে, মতামতও দেয়া হয়ে গেছে। একটা perception দাঁড় করানোর চেষ্টা ছিল, সেটাও হয়েছে। নতুন করে আর কিছু বলার নেই। But thanks for asking!”

নাজমূলের বিদেশ সফরের প্রয়োজনীয়তা বা বিসিবি কতটা লাভবান হয়েছে, সেটা জানতে চাওয়া হয়েছিল সাবেক সভাপতি ফারুক আহমেদের কাছে, যার সময়ে সবচেয়ে বেশি বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। ফারুক বিস্তারিত কিছু বলতে চাননি, “দেখুন, বোর্ড যেহেতু এখন আর নেই, তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার ধরনের সঙ্গে এটি যায় না। তবে এটুকু শুধু বলতে পারি, আমি সভাপতি থাকার সময় বিসিবির পয়সায় শুধু একটি বিদেশ সফরে গিয়েছি। এটা তো যার যার নিজের বোঝার ব্যাপার।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিদায়ী বোর্ডের আরেক পরিচালকও বললেন একই ধরনের কথা, “আমি বোর্ডের টাকায় কোথাও ভ্রমণ করিনি। উল্টো বিভিন্ন মিটিং বা ডিএর টাকা পিয়ন বা গ্রাউন্ডসম্যানদের দিয়ে দিতাম। এটা তো যার যার রুচির ব্যাপার। কে কতটা বিদেশ সফরে গিয়েছেন, নৈতিকভাবে কতটা ঠিক হয়েছে বা দেশের ক্রিকেটের কতটা লাভ হয়েছে, সেটা তিনিই ভালো বলতে পারবেন।