২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ডি জর্জি

ব্রিটস্কিও সেরে ওঠায় নেওয়া হয়নি কোনো বদলি।

শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ডি জর্জি
চোট নিয়ে মাঠ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার টনি ডি জর্জি।

লিডসে মঙ্গলবার ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় জস বাটলারের শট আটকাতে ডাইভ দিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। চার বাঁচাতে সফল হলেও, চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

দ্রুতই জানিয়ে দেওয়া হয়, আর ফিল্ডিং করবেন না তিনি, প্রয়োজনে কেবল ব্যাট করবেন। যদিও ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়ায় ডি জর্জির আর ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি। তিনি এখন দেশে ফিরে যাবেন এবং তার চোটের অবস্থা জানতে স্ক্যান করানো হবে।

স্কোয়াডে অবশ্য ডি জর্জির বদলি নেওয়ার প্রয়োজন পড়েনি। কারণ তিনি মূলত রিজার্ভ খেলোয়াড় ছিলেন। যার জায়গায় খেলতে নেমেছিলেন, সেই ম্যাথু ব্রিটস্কি অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। 

ব্রিটস্কি এখন সেরে উঠেছেন এবং বৃহস্পতিবার তার দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি চার নম্বর পজিশনে ব্যাট করতে নামতে পারেন।

পেসার কাগিসো রাবাদার অবস্থা এখনো স্পষ্ট নয়। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি, ছিলেন না হেডিংলিতেও। এদিকে ডারহামের কোডি ইউসুফকে দলে ডাকা হয়েছে, এতে টি-টোয়েন্টি সিরিজের আগে রাবাদার না ফেরার ইঙ্গিত মেলে।

অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়েও কিছু অনিশ্চয়তা আছে। গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের দুটি ও ইংল্যান্ডে প্রথম ম্যাচে খেলেছেন তিনি। তার ওয়ার্কলোড-ম্যানেজমেন্ট বিবেচনায় নিয়ে, সিরিজের বাকি দুই ম্যাচের অন্তত একটিতে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।