১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নতুন মুখ কোলস, টিকে গেলেন বাটলার

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষের একদিন পরই, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নতুন মুখ কোলস, টিকে গেলেন বাটলার
জেমস কোলস। ছবি: সাসেক্স ক্রিকেট এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 11:23 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জেমস কোলস। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দলে রাখা হয়েছে এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও জায়গা ধরে রেখছেন অভিজ্ঞ ব্যাটসম্যান জস বাটলার। 

আগামী মাসে পাঁচ ম্যাচের সিরিজটির জন্য সোমবার ১৭ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বেন ডাকেট। চোটের কারণে নেই জেমি ওভারটন। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া জর্ডান কক্স, সনি বেকার ও সাকিব মাহমুদকে ফেরানো হয়েছে।

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন বিবেচিত বাটলার বিশ্বকাপে ছিলেন চরম ব্যর্থ। আট ইনিংসে ১০.৮৭ গড়ে স্রেফ ৮৭ রান করতে পারেন তিনি। এতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠে যায় প্রশ্ন। তবে শেষ পর্যন্ত দলে জায়গা ধরে রাখতে পারলেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

দলের একমাত্র নতুন মুখ ২২ বছর বয়সী কোলস টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৬১ ইনিংসে ২৮.৬০ গড় ও ১৪৬.৩৭ স্ট্রাইক রেটে রান করেছেন এক হাজার ৩৭৩। ফিফটি আছে সাতটি। হাত ঘুরিয়ে ৫৯ ইনিংসে উইকেট নিয়েছেন ৫৩টি।

সাসেক্সের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার ১৬ বছর ১৫৭ দিন বয়সে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৮ ম্যাচে তার সেঞ্চুরি আছে ৯টি। কদিন আগে করেছেন অপরাজিত ডাবল সেঞ্চুরি।

এই বছরের শুরুতে দা হান্ড্রেড এর নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন তিনি।

দলকে নেতৃত্ব দেবেন যথারীতি হ্যারি ব্রুক। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট যদি শেষ পর্যন্ত গড়ায় (আগামী বৃহস্পতি থেকে সোমবার), তাহলে এই ম্যাচ শেষ করার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামতে হবে তাকে। টেস্টের ভেন্যু নটিংহ্যাম থেকে প্রায় ১৫০ মাইল ভ্রমণ করে চেস্টার-লি-স্ট্রিটে যেতে হবে তাকে। সেখানেই ১ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি।

তৃতীয় টেস্টের স্কোয়াডে থাকা রেহান আহমেদ, জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, জর্ডান কক্স ও জশ টাংও আছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। 

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।