Published : 03 Feb 2026, 09:08 AM
ফিট থাকলে হয়তো বিশ্বকাপ দলের বিবেচনায় থাকতেন মায়াঙ্ক ইয়াদাভ। কিন্তু চোটের থাবায় এখন তিনি জাতীয় দল থেকে বহু ক্রোশ দূরে। তবে তার জন্য মাঠে ফেরার উপলক্ষ হয়ে এলো বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচ। ভারতীয় ‘এ’ দলের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন তিনি প্রায় ৯ মাস পর।
ফেরার ম্যাচটি অবশ্য খুব সুখকর হয়নি ২৩ বছর বয়সী ফাস্ট বোলারের জন্য। নাভি মুম্বাইয়ে সোমবার রান জোয়ারের ম্যাচে তিন ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
এই ম্যাচের আগে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি গত ৪ মে আইপিএলে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে।
২০২৪ আইপিএলে গতির ঝড় তুলে তুমুল আলোচনায় উঠে আসেন মায়াঙ্ক। ১৫০ কিলোমিটার গতি ছাড়ান তিনি নিয়মিতই, ১৫৬.৭ পর্যন্ত তুলে তাক লাগিয়ে দেন।
৪ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পর অবশ্য সেবার ছিটকে পড়েন চোট নিয়ে। ছয় মাস পর মাঠে ফেরেন জাতীয় দলের খেলা দিয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেন তিনি।
ওই সিরিজের পরই আরেক দফা চোট তাকে ছিটকে দেয়। এবার ফেরেন গত আইপিএলের মাঝমাঝি। ফেরার ম্যাচে দুটি উইকেটের দেখা পান। কিন্তু এই দফায় স্রেফ দুটি ম্যাচ খেলার পর আবার ছিটকে পড়েন মাঠের বাইরে। দীর্ঘ পুনবার্সনের পর অবশেষে ফিরতে পারলেন আবার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই প্রস্তুতি গত ১৬ মাসে সব ধরনের ক্রিকেটে তার মাত্র তৃতীয় ম্যাচ।
মায়াঙ্কের চেয়েও অবশ্য এই ম্যাচে বেশি আগ্রহ ছিল আরেকজনকে ঘিরে। টেস্টিকুলার অস্ত্রোপচারের পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন তিলাক ভার্মা। ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি, বিশ্বকাপ স্কোয়াডেও আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের অংশ হিসেবেই এই ম্যাচটি তাকে খেলানো হয়।
সেই প্রস্তুতি তার খারাপ হয়নি। ৩ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে নিজেকে ঝালিয়ে নেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
তিনি জাতীয় দলের বাইরে থাকার সময় অবশ্য সুযোগ পেয়ে অসাধারণ পারফর্ম করেছেন ইশান কিষান। ভারতের একাদশ বাছাই করা তাই মধুর এক যন্ত্রণা হবে টিম ম্যানেজমেন্টের জন্য।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন নারায়ন জাগাদিশান, অধিনায়ক আয়ুশ বাদোনি করেন ২৬ বলে ৬০। ভারতীয় ‘এ’ দল ২০ ওভারে তোলে ২৩৮ রান।
যুক্তরাষ্ট্রের জবাব খারাপ হয়নি। শ্রীলঙ্কায় লম্বা সময় ক্যাম্প করা দলটির কেউ ফিফটি করতে না পারলেও কয়েকজনের আগ্রাসী ক্যামিওতে ২০০ রানে অলআউট হয় তারা শেষ ওভারে।