১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অজুহাত দেখিয়ে বিশ্বকাপে খেলতে এসো না’, পাকিস্তানকে শ্রীকান্ত

ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের মতে, সুরিয়াকুমারের দলের আগ্রাসী ক্রিকেট সব দলের জন্যই সর্তকবার্তা।

‘অজুহাত দেখিয়ে বিশ্বকাপে খেলতে এসো না’, পাকিস্তানকে শ্রীকান্ত
কৃষ্ণামাচারি শ্রীকান্ত। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

টি-টোয়েন্টিতে ভারতকে যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েই যাচ্ছে তারা। সব ঠিক থাকলে ছন্দে থাকা দলটির বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি হবে পাকিস্তান। বিধ্বস্ত হওয়া থেকে বাঁচতে, চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনো একটা অজুহাত খুঁজে বৈশ্বিক আসর থেকে সরে যেতে বললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ভারতের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক। তার মতে, সুরিয়াকুমারের দলের আগ্রাসী ক্রিকেট সব দলের জন্যই সর্তকবার্তা।

দুই ম্যাচ বাকি থাকতে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। প্রথম ম্যাচে ৪৮ রানে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তারা জিতেছে যথাক্রমে ৭ ও ৮ উইকেটে।

নাগপুরে প্রথম টি-টোয়েন্টিতে ২৩৮ রান করে নিউ জিল্যান্ডকে ১৯০ রানে থামিয়ে দেয় ভারত। রায়পুরে পরের ম্যাচে ২০৯ রানের লক্ষ্য স্রেফ ১৫.২ ওভারে ছুঁয়ে ফেলে তারা। আর রোববার গুয়াহাটিতে সফরকারীদের ১৫৩ রান ১০ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ায় পাকিস্তানের আসছে আসরে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশটির ক্রিকেটে চলছে বিশ্বকাপ বয়কটের আলোচনাও।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় এই ইস্যুতে পাকিস্তানকে খোঁচা মারেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীকান্ত।

“গত ম্যাচে (দ্বিতীয়) ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছে। আর এই ম্যাচে তারা ১০ ওভারে ১৫০ করে ফেলেছে। এটা দেখে অনেক দলই বলতে পারে, ‘না, আমরা আসছি না (বিশ্বকাপ খেলতে)। কাপটা তোমরাই রেখে দাও।’ পাকিস্তান- তোমরা এসো না। তোমারদের মহসিন নাকভি এনিয়ে কথা বলছে- এসো না। তোমাদের গুঁড়িয়ে দেওয়া হবে। কলম্বোতে মারা একেকটি ছক্কা মাদ্রাজে গিয়ে পড়বে।”

“সাবধান। সবচেয়ে ভালো বিকল্প হলো, (ভারতের বিপক্ষে খেলা থেকে) দূরে থাকা। কোনো একটা অজুহাত খুঁজে বের করে খেলতে এসো না। এই ছেলেরা তাদের গুঁড়িয়ে দেবে। ভারতের এমন ব্যাটিং বিশ্বের প্রতিটি দলের জন্য একটা সতর্কবার্তা। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন মারমুখী ব্যাটিং, আমি কখনও এমন কিছু দেখিনি।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ আগামী বুধবার ও শনিবার।