সকল কাঁটা ধন্য করে মুশফিক…
অনেক পথ পেরিয়ে, অনেক বাধা মাড়িয়ে, অনেক সাফল্যে রাঙিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের শিখরে পা রাখছেন মুশফিকুর রহিম।
রোদে জ্বলে যাওয়া, রঙ চটে যাওয়া একটি ক্যাপ। খুব কষ্ট করে অনুমান করে নিতে হবে, একসময় এটির রঙ ছিল সবুজ। প্রায় মুছে যাওয়া বিসিবির লোগো। দিন দশেক আগে ক্যাপটির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। তার টেস্ট ক্যাপ। জীর্ণ। মলিন। জর্জরিত। তবু আভিজাত্যে ঝলমল। গৌরবের শিখায় দীপ্ত। ঠিক মুশফিকের ক্যারিয়ারের মতোই।
২০০৫ সালের ২৬ মে ক্রিকেটতীর্থ লর্ডসের ঐতিহাসিক আঙিনায় শুরু হয়েছিল যে পথচলা, সেটিই বাংলাদেশ ক্রিকেটের অনন্য ইতিহাসের এক ঠিকানায় পৌঁছে যাবে বুধবার। দেশের হোম অব ক্রিকেটে। সব ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক।
ঝা চকচকে সবুজ ব্যাগি ক্যাপটি যখন পেয়েছিলেন, বয়স তার তখন সবে ১৮ পেরিয়েছে। দেখতে অবশ্য মনে হতো আরও কম। ইংলিশ সংবাদমাধ্যম, ধারাভাষ্যকারদের কাছে তার পরিচয় ছিল ‘বেবি ফেসড প্রডিজি।’ চোখজোড়া স্বপ্ন, মাথাভর্তি চুল, মনজুড়ে প্রতিজ্ঞা। সময়ের পরিক্রমায় চুল ঝরে গেছে অনেক। চেহারায় এসেছে কাঠিন্য। এই ৩৮ বছর বয়সে তার মুখায়ব এখন অনেক লড়াইয়ের পরিণত এক যোদ্ধার।
প্রতিজ্ঞার পথ ধরেই তার স্বপ্নেরা বাস্তবের সীমানা ছুঁয়েছে অনেকগুলোই। আক্ষেপও নিশ্চয়ই কিছু আছে। খামতি-অপূর্ণতা। নানা আপোসের কষাঘাতে কত ইচ্ছেই তো হয়ে গেছে ক্ষয়। আছে অনেক অভাবনীয় প্রাপ্তির উচ্ছ্বাসও। এই যেমন ১০০ টেস্ট খেলা!
এই সংখ্যাটির দিকে তার দৃষ্টি ছিল হয়তো অনেক দিন ধরেই। বাংলাদেশের ক্রিকেটের প্রতীক্ষাও চলছিল। তবে একটা সময় তো এদেশের ক্রিকেটের কল্পনার সীমানাতেও ছিল না এমন কিছু!
কল্পনা আর জাগতিক কিছুর সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছেন মুশফিক। তার হাতিয়ার নিষ্ঠা, নিবেদন, পরিশ্রম, ত্যাগ, শৃঙ্খলা আর পণ। এসব দিয়েই তিনি গড়েছেন অটুট স্থায়ীত্বের সৌধ, যা এখন ছুঁতে চলেছে শত টেস্টের অনন্য উচ্চতা।
একসময় অবশ্য বিশ্ব ক্রিকেটেও এটি ছিল বিরল অর্জন। ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটারকে পেতে ১০০ বছরের কাছাকাছি লেগে গিয়েছিল টেস্ট ক্রিকেটের। ১৯৬৮ সালের ডিসেম্বরে কলিন কাউড্রের নাম যখন খোদাই হলো এই অর্জনে, টেস্ট ক্রিকেটের বয়স ততদিনে ৯২ হতে চলেছে। পরে সময় গড়িয়েছে আর তার সঙ্গীদের তালিকা সমৃদ্ধ হয়েছে। এখন সেখানে নাম ৮৩ জনের। গত ২৫ বছরেই সেখানে যোগ হয়েছেন ৬০ জন। এখন এটি আর খুব বিশেষ কিছু নয়।
কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায় এর চেয়ে স্পেশাল কিছু আছে খুব কমই।
টেস্ট ক্রিকেটের কুলীন জগতে বাংলাদেশে যদিও এখন আর অচ্ছুত নয়, তবে জাতে ওঠার আলিঙ্গনও খুব একটা জোটে না। টেস্ট খেলার পরিমাণ আগের চেয়ে বেড়েছে, তবু হাপিত্যেশ করতে হয় প্রায়ই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সফরে ডাকে না, বড় দেশগুলো খেলতেও খুব বেশি আসে না এখানে। এই দেশের একজন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার স্বপ্ন দেখার সাহস পাবে কোথায়!
মুশফিকের যেটি অভিষেক টেস্ট, ইয়ান বেলের সেটি দ্বিতীয় টেস্ট। সেই বেল ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলে ক্যারিয়ার শেষ হয়ে গেছে ১০ বছর আগে। ওই গ্রীষ্মেই অভিষেক কেভিন পিটারসেনের। ৯ বছরে ১০৪ টেস্ট খেলে তার বিদায় ঘণ্টা বেজে গেছে ২০১৪ সালে। মুশফিকের পরের বছরে অভিষেক অ্যালেস্টার কুকের। সাড়ে সাত বছরে ১০০ টেস্ট খেলে ১২ বছরের ক্যারিয়ারে ১৬১ ম্যাচ খেলে অবসরে গেছেন তিনি ২০১৮ সালে। মুশফিকের দুই বছর পর শুরু করে ১৬৭ টেস্ট খেলে স্টুয়ার্ট ব্রড রান আপ থামিয়েছেন আরও দুই বছর আগে।
শুধু ইংল্যান্ডের ক্রিকেটাররাই কেন, রস টেইলর, ইশান্ত শার্মা, ন্যাথান লায়ন, ক্রেইগ ব্র্যাথওয়েট, এমনকি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ কারুনারাত্নে… তালিকা চলতেই থাকবে। তারা সবাই পরে শুরু করে বিদায় নিয়েছেন বেশ আগেই। মুশফিক রয়ে গেছেন। এই দেশের বাস্তবতার কারণে তিনি ধাবমান হতে পারেননি। তবে ধৈর্য, অধ্যাবসায় আর হাল না ছাড়া মানসিকতাকে সঙ্গী করে এগিয়েছেন। এক ধাপ, দুই ধাপ করে। এখন স্রেফ একটি পদক্ষেপ দূরে।
সাড়ে ২০ বছর লেগে যাচ্ছে তার এই ১০০ টেস্ট ছুঁতে। এশিয়ান ক্রিকেটাদের মধ্যে মুশফিকের চেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ার কেবল সাচিন টেন্ডুলকার ও ইমরান খানের। ভাবা যায়!
তার এই ২০ বছরের পথচলাও তো মসৃণ ছিল না। অসংখ্য প্রতিবন্ধকতা ছিল তার পদে পদে। টেস্ট অভিষেকের সময়টায় তিনি তো আসলে প্রস্তুত ছিলেন না। যদিও ততদিনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে ১১৫ রানের ইনিংস খেলেছেন, কিন্তু টেস্ট ক্রিকেট তো অন্য উচ্চতায়!
কিন্তু সেসময় বাংলাদেশ দলের ব্যাটিং দীনতা এত বেশি ছিল যে, ভবিষ্যতের জন্য তাকে তৈরি করার চেয়ে বর্তমানের বাজি করে নিতে হয়েছিল। তাকে ঠেকে শিখতে হয়েছে। বাদ পড়েছেন। নিজেকে শাণিত করেছেন। ফেরার পর আবার খারাপ করে বাদ পড়েছেন। আরও ঘমি ঝরিয়েছেন। এবার ফিরে সম্ভাবনার ঝিলিক দেখিয়েছেন। দল তার ওপর আস্থা রেখেছে। কিন্তু টেস্ট ক্রিকেটের কঠিন জগতে তাকে খাবি খেতে হয়েছে।
যথারীতি দলীয় শক্তির দীনতা এতটা ছিল যে, তাকে সময় দেওয়ার সুযোগ বাংলাদেশ দলের ছিল। ক্রমে তিনি হয়ে উঠেছেন বড় ভরসা। মিডল অর্ডারের স্তম্ভ।
বছরের পর বছর টেস্ট খেললেও টেস্ট সংস্কৃতি এই দলের ছিল না। টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়ে মুখে খই ফুটলেও হৃদয়ে ধারণ করার নজির খুব একটা ছিল না। টেস্ট ব্যাটিংয়ের ধারাপাত কারও ধাতে ছিল না।
মুশফিক দেখিয়েছেন, বাংলাদেশের একজনের মধ্যে এই সবকিছুই আছে।
টেস্ট সংস্কৃতি গড়ে তোলা তো তার একার ব্যাপার নয়। তবে নিজের যে সংস্কৃতি তিনি গড়েছেন ও মেলে ধরেছেন, সেখানে তো টেস্ট সংস্কৃতিই মিশে আছে।
টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন প্রশ্নাতীত। সাদা পোশাকের প্রতি তার ভালোবাসা প্রস্ফুটিত।
তার টেস্ট ক্যাপই এসবের একটি প্রমাণ। অস্ট্রেলিয়ার ‘ব্যাগি গ্রিনের’ মতো এত সম্মান ও সমীহ কবে পেয়েছে বাংলাদেশের ব্যাগি গ্রিন! কিন্তু মুশফিকের কাছে শীর্ণ ক্যাপ ঠিকই ওজনদার, আদর-যত্নে মাখামাখি থাকা রত্ন যেন।
টেস্ট ব্যাটিং মানে যে অনেক সময়ই জীবনের প্রতিচ্ছিবি, তার চেয়ে বেশি বাংলাদেশে আর কার ব্যাটিংয়ে এটা ফুটে উঠেছে! হোঁচট খেয়ে টালমাটাল হয়েও দাঁড়িয়ে থাকার চেষ্টা, কখনও মাথা নিচু করে স্রেফ আঁকড়ে থাকা, সময় কাটিয়ে সময় কেনা, চোয়ালবদ্ধ লড়াইয়ে দুঃসময়কে পক্ষে আনার চেষ্টা, কখনও জীবনের উল্লাসে ছুটে চলার মতোই হেসেখেলে রানের স্রোতে ভেসে চলা, মুশফিক দেখিয়েছেন সবই।
তিনি সবাইকে পেছনে ফেলেছেন। ম্যাচ সংখ্যায়। রানে। স্থায়ীত্বে। ধৈর্যে। ত্যাগে। প্রতিটি অনুশীলন সেশনে। ঘামের স্রোতে। ক্রিকেট-তেষ্টায়।
তার অভিষেক থেকে বাংলাদেশে ১১৯ টেস্টের কেবল ২০টিতে ছিল না তার উপস্থিতি। তার অভিষেক টেস্টের সতীর্থদের মধ্যে সবার পরে শেষ টেস্ট খেলা ক্রিকেটারটিরও শেষ ম্যাচ চলে গেছে সাড়ে ১০ বছর আগে। তার বয়সভিত্তিক ক্রিকেটের বন্ধুরা, তার অনেক পরে আসা অনেকের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে গেছে। তিনি ঠিকই নিজের ভাগ্য লিখেছেন নিজে, যেখানে এখন যোগ হচ্ছে শততম টেস্টের অধ্যায়।
দীর্ঘ পথচলায় নিজের ব্যাটিংক ভেঙে গড়েছেন তিনি বহুবার। সময়ের সঙ্গে সমৃদ্ধ হয়েছে ব্যাটসম্যানশিপ।
প্রথম ১৬ টেস্টেও পাননি সেঞ্চুরির দেখা। প্রথম ৩০ টেস্টে তার গড় স্পর্শ করেনি ৩০। প্রথম ৫০ টেস্টে ছিল না ৫টি সেঞ্চুরি।
অথচ এখন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তিনি। সেঞ্চুরিতে তার ওপরে আছেন কেবল একজন।
টেস্ট ইতিহাসের একমাত্র কিপার-ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ব্যক্তিগত ইনিংসের চারটিই তার।
প্রথম ৫০ টেস্টে ৩ সেঞ্চুরিতে রান করেছিলেন ২ হাজার ৭৫০। ব্যাটিং গড় ৩১.৯৭। পরের ৪৯ টেস্টে তার সেঞ্চুরি ৯টি, রান ৩ হাজার ৬০১। ব্যাটিং গড় ৪৪.৪৫।
তার ক্যারিয়ার ব্যাটিং গড় প্রথমবার ৩৯ স্পর্শ করে গত বছরের অগাস্টে, যখন বয়স পেরিয়ে গেছে ৩৭। মানে যখন হওয়ার কথা গৌধূলি, তখনই তার তেজ ছিল সবচেয়ে তীব্র।
রেকর্ড ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারানো, শততম টেস্টে শ্রীলঙ্কায় জয়, দেশের ইতিহাসের স্মরণীয় কিছু জয় এসেছে তার নেতৃত্বে।
ব্যাটিংয়ে পরিসংখ্যান অবশ্যই সমৃদ্ধ হতে পারত আরও অনেক। আরও কিছু রান, কয়েকটি সেঞ্চুরি, কিছু ভালো ইনিংস, আরও ভালো ব্যাটিং গড়, হতে পারত অনেক কিছুই।
৫৫ টেস্টে তিনি কিপিং করেছেন। পাঁচ নম্বরের ওপরে ব্যাটিং করেছেন স্রেফ ১৭ ইনিংসে। সাত-আটে ব্যাট করেছেন ৪১ ইনিংস! যদি আরও আগে কিপিং ছাড়তেন, যদি চার নম্বরে খেলতে আরও বেশি, তাহলে পরিসংখ্যানের ছবিটাও আরও চকচকে হতো কি না, সেই হাহুতাশ কাঁটা হয়ে বিঁধবে বারবারই।
তবু মুশফিক মানে তো স্রেফ পরিসংখ্যান নয়!
ঠিক যেমনি, তার ১০০ টেস্ট ম্যাচ খেলাও স্রেফ সংখ্যা নয়।
তার সাড়ে ২০ বছরের ক্যারিয়ারের পরতে পরতে মিশে আছে পেশাদারত্ব। ক্রিকেটের প্রতি সততা আর সত্যের সঙ্গে সন্ধি। শৃঙ্খলায় একাগ্রতা, অধ্যাবসায়ে আবিষ্টতা। জীবনাচারণে ক্রিকেটকে জুড়ে নেওয়া।
টেস্ট ক্রিকেটের কাঁটা বিছানো পথে তিনি হেঁটে গেছেন এসবকে সঙ্গী করেই। এই নিয়ম আর ছকের আনন্দে বুঁদ হয়েই।
সবাইকে মুশফিক হতে হবে, এমন নয় অবশ্যই।
তবে একজন মুশফিক হয়ে উঠলে ১০০ টেস্ট খেলা যায়, তা এখন জানে বাংলাদেশের ক্রিকেট।
