১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের নতুন কাঠামো নিয়ে আইসিসির তীব্র সমালোচনায় স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

তাদের অভিযোগ, বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিষয়ে সহযোগী সদস্যদের যথেষ্ট সময় দেওয়া হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 09:32 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কাঠামো ঢেলে সাজানোর আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড)। তাদের অভিযোগ, বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিষয়ে সহযোগী সদস্যদের যথেষ্ট সময় দেওয়া হয়নি।

গত মাসে স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সাধারণ সভার পর ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটও বদলে ফেলার ঘোষণা দেয় ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

ওয়ানডে বিশ্বকাপের দল সংখ্যা ১০ থেকে বাড়িয়ে আগামী আসরে ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের মূল স্রোতে মিশতে পারবে না। নতুন কাঠামো অনুযায়ী ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে হবে একটি ‘সুপার সিরিজ।’

এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। 

ফরম্যাট পরিবর্তনের ঘোষণার পর ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী বোর্ডগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে পরিবর্তনগুলো সম্পর্কে আনুষ্ঠানিক লিখিত বিজ্ঞপ্তি এবং এর প্রক্রিয়াগুলি সম্পর্কে আরও স্পষ্টতা চেয়েছিল।

এক যৌথ বিবৃতিতে সোমবার ক্রিকেট স্কটল্যান্ড ও কেএনসিবি বলেছে, ‘দুই সপ্তাহের বেশি সময় আগে’ অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকের পর থেকে আইসিসির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এবং এই ঘটনাকে তারা ‘হতাশাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেছে।

“এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য একটি প্রতিবন্ধকতা এবং এটি সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী খেলাটির প্রসারে অর্জিত অগ্রগতিকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করছে। যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শকদের আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে, তখন উদীয়মান দেশগুলোর জন্য সুযোগ কমিয়ে দেওয়াটা পুরোপুরি ভুল বার্তা দেয়।

“ক্রিকেট স্কটল্যান্ড ও কেএনসিবি বিশ্বব্যাপী খেলাটিকে শক্তিশালী করার জন্য আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই পরিবর্তনগুলোর প্রভাব এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো করা হয়েছে, উভয় বিষয়েই আমাদের গভীর উদ্বেগ রয়েছে।”

নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের অধিনায়করাও গত মাসে পেশাদার ক্রিকেটারদের বৈশ্বিক ফেডারেশন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তন নিয়ে তাদের আপত্তি জানিয়েছিলেন। 

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস বোর্ডের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফরম্যাট পরিবর্তনের বিষয়ে সহযোগী সদস্যদের যথেষ্ট সময় দেওয়া হয়নি।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস দুই দলই বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হবে বাছাইপর্ব। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যেই হবে মূলত ‘সুপার সিরিজ।’

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের র‌্যাঙ্কিং যেমনই থাকুক, স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে তারা। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে আসতে হবে বাছাই প্রক্রিয়া হয়ে।

আগামী বছরের অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। আসরের ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে ফরম্যাট পরিবর্তন করায় বিশ্ব জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।