Published : 01 Jan 2026, 09:02 PM
শামীম হোসেনের আউটের ধরন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন লিটন কুমার দাস। পরে সেই ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেওয়াতে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। সেই ভূমিকার জন্য জাতীয় দলের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য শামীম বেছে নিলেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিনটিকে।
গত অক্টোবের ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে হারের পর লিটন কাঠগড়ায় দাঁড় করান শামীমকে। উইকেট বিলিয়ে দেওয়ার জন্য তার নাম ধরেই হতাশা প্রকাশ করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। পরের মাসে আয়ারল্যান্ডে বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে যখন বাদ দেওয়া হয় শামীমকে, সিরিজ শুরুর আগের দিন ক্ষোভে ফেটে পড়েন লিটন। এবার তিনি আঙুল তোলেন নির্বাচকদের দিকে। সেটি নিয়ে তোলপাড় পড়ে যায় দেশের ক্রিকেটে।
পরে তৃতীয় টি-টোয়েন্টির দলে নেওয়া হয় শামীমকে। বাংলাদেশের জয়ের ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি।
এরপর তিনি খেলছেন বিপিএলে। প্রথম ম্যাচে দলে জয়ে অপরাজিত ছিলেন ১৩ বলে ১৭ রানে। দ্বিতীয় ম্যাচে অসাধারণ ব্যাট করেও একটুর জন্য জেতাতে পারেননি দলকে। এবার অপরাজিত রয়ে যান ৪৩ বলে ৮১ রান করে। বিপিএলে তো বটেই, তার টি-টোয়েন্টি ক্যারিয়ারেরই সেরা ইনিংস এটি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে উঠে এলো লিটনের সেই প্রসঙ্গ। শামীম বললেন, অধিনায়কের সেই সমর্থন তাকে প্রেরণা জুগিয়েছে।
“অবশ্যই প্রথমে লিটন ভাইকে ধন্যবাদ দেব। উনি আমার ওপর অনেক বিশ্বাস রেখেছেন। আগে আমি ম্যাচ জেতানো ইনিংস খেলেছি, এ কারণেই হয়তো (ভরসা রেখেছেন)। একজন ক্রিকেটারের প্লেয়ারের দুই-তিন ম্যাচ খারাপ হতেই পারে। আমি মনে করি এটা কোনো ব্যাপার না।”
“তখন যদি একটু ব্যাক আপ দেয়, পাশে থাকে, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায়।”
শামীম বললেন, দল থেকে তখন বাদ পড়ার পর নিজের মতো করেই অনুশীলন করে গেছেন তিনি।
“আমি আমি আমার ফোকাসে ছিলাম। অনুশীলন করেছি। আমি আমার মতো করেছি, যেটা দরকার ছিল আমার, ওটাই করেছি।”
বিপিএলের শুরুটা যেভাবে করলেন তিনি, বিশ্বকাপ দলে জায়গা নিয়ে সংশয় খুব বেশি থাকার কথা নয়। তবে শামীম বললেন, তার ভাবনাজুড়ে এখন শুধুই বিপিএল।
“ওটা নিয়ে এখনও চিন্তা করি না। এখন একটা টুর্নামেন্ট খেলতেছি। আমার মনোযোগ এখানে। আমি চাই যে, এখানে ভালো করে যদি বিশ্বকাপে সুযোগ পাই, ভালো একটা প্রস্তুতি হবে আমার জন্য।”