Published : 01 Jul 2026, 04:20 PM
গত প্রায় ছয় মাসে কোনো টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। তবে অন্যরা তো খেলছে! তাদের পারফরম্যান্সের প্রভাবেই টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন ট্রাভিস হেড। তার গল্পের সঙ্গে মিল আছে ইশান কিষানেরও। তিনি যদিও খেলার মধ্যেই ছিলেন, তবে ভালো করতে পারেননি। তার পরও অন্যদের পারফরম্যান্সের পার্শ্বপ্রভাবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বর এখন ভারতের এই ব্যাটসম্যান।
গত সপ্তাহেই শীর্ষে ওঠা জো রুটের জায়গা নিয়েছেন হেড। টি-টোয়েন্টির শীর্ষে পালাবদল হলো প্রায় ১ বছর পর! সতীর্থ আভিশেক শার্মার পতনে সেখানে উঠে এলেন কিষান।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ট্রেন্ট ব্রিজ টেস্টে রুট রান করেন ২১ ও ১৮। তাতে তিনি দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা হ্যারি ব্রুক ৫৮ ও ২১ রান করলেও নেমে গেছেন দুইয়ে। তাদের পতনে দুই ধাপ এগিয়ে হেড পৌঁছে গেছেন শীর্ষে।
ট্রেন্ট ব্রিজেই দ্বিতীয় ইনিংসে ৯৪ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে রাচিন রাভিন্দ্রা আছেন সাতে। এই টেস্টেই দ্বিতীয় ইনিংসে লড়িয়ে সেঞ্চুরিতে ম্যাচ-সেরা হওয়া ড্যারিল মিচেল পাঁচ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে ১৫৭ রানের ইনিংস খেলে ডেভন কনওয়ে এগিয়েছেন ১৪ ধাপ। তার অবস্থান যৌথভাবে পঞ্চদশ। কনওয়ের সঙ্গে ট্রিপল সেঞ্চুরি উদ্বোধনী জুটির পথে ১৫১ রান করে টম ল্যাথাম ১২ ধাপ এগিয়ে এখন ৩১ নম্বরে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা এখনও মুশফিকুর রহিম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের ব্যর্থতায় তিনি পিছিয়ে গেছেন তিন ধাপ (১৭), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন দুই ধাপ (৩০)। চোটের কারণে এই টেস্টে না খেলা লিটন কুমার দাস পাঁচ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে।
ব্যাটিংয়ের মতো হাতবদল হয়েছে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও। ট্রেন্ট ব্রিজে চোটের কারণে না থাকা ম্যাট হেনরি নেমে গেছেন দুইয়ে। না খেলেই আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।
বোলারদের সেরা দশে আর পরিবর্তন নেই। হারারেতে একমাত্র ইনিংসে সাত উইকেট নিয়ে তাইজুল ইসলাম এক ধাপ এগিয়ে এখন আছেন ১১ নম্বরে। গত মে মাসের শেষেও ক্যারিয়ার-সেরা এই অবস্থানে উঠেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পারফরম্যান্সে ৯ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ছয় উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উন্নতি হয়েছে ছয় ধাপ (১৯তম)।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে ক্যারিয়ার শেষ করলেন বেন স্টোকস।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা চতুর্থ ভারতীয় কিষান। এর আগে অভিশেক ছাড়াও এই স্বাদ পেয়েছিলেন ভিরাট কোহলি ও সুরিয়াকুমার ইয়াদাভ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দুই ম্যাচে কিষান রান করেছেন ১২ ও ১। আভিষেক প্রথম ম্যাচে ৪৯ করলেও পরের ম্যাচে ফেরেন শূন্য রানে।
আইরিশদের বিপক্ষে ভালো না করলেও আগের পারফরম্যান্সের ধারাবাহিকতা শীর্ষে এসেছে কিষানকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন তিনি।
টি-টোয়েন্টির শীর্ষ বিশে আর পরিবর্তন আছে কেবল একটি। ভারতীয় দল থেকে বাদ পড়া সুরিয়াকুমার এক ধাপ পিছিয়ে নেমেছেন আটে, না খেলেই সাতে উঠেছেন জস বাটলার।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন শিভাব দুমে।