সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আরও কয়েকটি কীর্তি গড়েছেন ভারতীয় ব্যাটিং গ্রেট।
প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভিরাট কোহলি। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই পথচলায় শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় মহাতারকা। গড়েছেন আরও কয়েকটি কীর্তি।
কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ বলে ফিফটি স্পর্শ করেন কোহলি। প্রথম ম্যাচে স্রেফ ৫ রান করা ডানহাতি ব্যাটসম্যান এদিন থামেন ৬৫ রানে। ৬৬ বলের ইনিংসে আটটি চার মারেন তিনি।
এই ইনিংসের পথে ওয়ানডেতে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নেন কোহলি। ১২০ ইনিংসে করেন ৫ হাজার ৫৩৮ রান। নামের পাশে সেঞ্চুরি ২১টি, ফিফটি ২৭টি।
এতদিন রেকর্ড ছিল সাঙ্গাকারার। ১৪৫ ওয়ানডে ইনিংসে প্রতিপক্ষের মাঠে ৫ হাজার ৫১৮ রান করেন তিনি। ১০টি সেঞ্চুরির সঙ্গে ৩৫টি ফিফটি হাঁকান লঙ্কান কিপার-ব্যাটসম্যান।
সাঙ্গাকারাকে টপকে যেতে এদিন ৪৬ রান প্রয়োজন ছিল কোহলির। ২৪তম ওভারের চতুর্থ বলে লঙ্কান সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যান তিনি।
আর সব মিলিয়ে, দেশের বাইরে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ২৭ সেঞ্চুরি ও ৪২ ফিফটিতে ঠিক ৮ হাজার রান এখন তার নামের পাশে। এই তালিকায় কোহলি আছেন অষ্টম স্থানে। দেশের বাইরে ১১ হাজার ৪৫০ রান করে সবার ওপরে ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।
এই ম্যাচে আরও কয়েকটি রেকর্ডও গড়েন কোহলি। ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান এখন তার, এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৬৫১। এই তালিকায় টপকে যান তিনি রাহুল দ্রাবিড়কে (৬৪৮)।
এছাড়া তিন সংস্করণ মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের কীর্তিও গড়েছেন কোহলি। ৭৫ ইনিংসে তিন সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে তার রান ২ হাজার ৭০৭। পেছনে ফেলেছেন তিনি দ্রাবিড়কে (২ হাজার ৬৪৫ রান)।
এনিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৪টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন কোহলি। যা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ১৫টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে রেকর্ডটি এখনও সাঙ্গাকারার।
