Published : 07 Aug 2026, 03:37 PM
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেয়েছে ভারত। চোট ছোবল দিয়েছে দলটির শিবিরে। অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছেন দলটির অধিনায়ক শুবমান গিল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় আছে ভারত। শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে তাদের তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিন খেলছেন না গিল।
আগের দিন অনুশীলন সেশনে ডান হাতের অনামিকায় আঘাত পান গিল। আর এতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচটি গলে শুরু হবে আগামী ১৫ অগাস্ট।
২৬ বছর বয়সী গিলের আঙুলে চোট পাওয়ার কথা বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ভারত।
“অনুশীলনের সময় বৃহস্পতিবার অধিনায়ক শুবমান গিল ডান হাতের অনামিকা আঙুলে আঘাত পেয়েছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তিনি মাঠে নামবেন না।
“বিসিসিআইয়ের মেডিকেল টিম তার চোটের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। গিলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।”
সিরিজটি আগামী বছর ওভালে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত পঞ্চম ও শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে আছে।