২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরিয়াভানশির আবার ১৫ বলে ফিফটি, ৭ ছক্কায় বিধ্বংসী ইনিংস

চার ম্যাচের মধ্যে দুইবার ১৫ বলে ফিফটি করলেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

সুরিয়াভানশির আবার ১৫ বলে ফিফটি, ৭ ছক্কায় বিধ্বংসী ইনিংস
আরেকটি ঝড়ো ইনিংস খেললেন বৈভাব সুরিয়াভানশি। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 11:55 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

জাসপ্রিত বুমরাহর তিন বলে দুই ছক্কা আর ঝড়ো ইনিংসের রেশ মিলিয়ে যায়নি এখনও। দুই দিন পর আবার ব্যাট হাতে ২২ গজে ঝড় তুললেন বৈভাব সুরিয়াভানশি। আরেকবার ১৫ বলে ফিফটি করলেন ১৫ বছর বয়সী ব্যাটসম্যান।

আইপিএলে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০২ রানের লক্ষ্য তাড়ায় ২৬ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ভারতের বিস্ময় বালক। আট চার ও সাত ছক্কায় গড়া তার ইনিংসটি। 

তিন নম্বরে নেমে আট চার ও তিন ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ধ্রুব জুরেল। রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জিতে যায় দুই ওভার হাতে রেখেই। 

গুয়াহাটিতে ইনিংসের তৃতীয় বলে প্রথম স্ট্রাইক পেয়েই ভুবনেশ্বর কুমারকে চার মেরে শুরু করেন সুরিয়াভানশি। আইপিএলে নিজের ১১ ইনিংসের ৬টিতেই প্রথম বলে বাউন্ডারিতে শুরু করলেন তিনি। দুই বল পর চার মারেন আরেকটি।

পরের ওভারে জশ হেইজেলউডকে দুই ছক্কা মেরে বিদায় নেন আরেক ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। তৃতীয় ওভারে আভিনান্দান সিংকে দুটি চার ও একটি ছক্কা মারেন সুরিয়াভানশি। 

পরের ওভারে তিনি তাণ্ডব চালান চোট কাটিয়ে আসরে প্রথম খেলতে নামা হেইজেলউডের ওপর। টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছক্কা।

পঞ্চম ওভারে ভুবনেশ্বরকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি এটি, চলতি আসরে দ্রুততম। 

এবারের আসরে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ১৫ বলে ফিফটি করেছিলেন সুরিয়াভানশি।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার চেয়ে কম বলে ফিফটি আছে শুধু চার জনের- রোমারিও শেফার্ড (১৪), প্যাট কামিন্স (১৪), লোকেশ রাহুল (১৪) ও জয়সওয়াল (১৩)।

ক্রুনাল পান্ডিয়াকে একটি ছক্কার পর টিম ডেভিডের পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ছুটতে থাকেন সুরিয়াভানশি। গত আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দেওয়া ব্যাটসম্যান আরেকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগান।

কিন্তু স্পিনার ক্রুনালের পরের ওভারে লং-অনে ভিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। শেষ হয় তার দুর্দান্ত ইনিংস।

চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুইশ রানের ঠিকানা ছুঁয়ে ফেললেন সুরিয়াভানশি। চার ম্যাচে ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে তার রান এখন ঠিক ২০০।