জো রুটের সিংহাসন পুনরুদ্ধার
জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিক করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড।
সপ্তাহ ঘুরতেই টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। লর্ডসে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে সিংহাসন পুনরুদ্ধার করলেন তার স্বদেশি জো রুট।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের চূড়ায় উঠেছেন রুট। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ব্রুক (৮৬২)। এক ধাপ এগিয়ে এখন দুইয়ে নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন (৮৬৭)।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। স্বাগতিকদের এই জয়ের পথে প্রথম ইনিংসে ১০৪ রান করা রুট দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান।
গত সপ্তাহেই রুটের প্রায় সাত মাসের রাজত্বের অবসান ঘটিয়ে শীর্ষে ওঠেন ব্রুক। কিন্তু লর্ডসে ভালো করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেন যথাক্রমে ১১ ও ২৩ রান। ফলে জায়গা ধরে রাখতে পারলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এনিয়ে অষ্টমবার শীর্ষে উঠলেন ৩৪ বছর বয়সী রুট। ২০১৪ সালের ডিসেম্বরে ওই সময়ের ৩৭ বছর বয়সী কুমার সাঙ্গাকারার পর চূড়ায় ওঠা সবচেয়ে বয়স্ক ব্যাটসম্যান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ৪৮ ও ৫ রান করা অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ (৮১৬) এক ধাপ এগিয়ে এখন চার নম্বরে। ৪৬ ও ৪২ রান করে ক্যামেরন গ্রিনের উন্নতি ১৬ ধাপ, আছেন ২৯তম স্থানে।
পাঁচ ধাপ করে এগিয়ে যথাক্রমে ৩৪ ও ৩৫ নম্বরে ভারতের রাভিন্দ্রা জাদেজা ও লোকেশ রাহুল। ৩ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন ভারত অধিনায়ক শুবমান গিল। ১ ধাপ নিচে নেমে আটে রিশাভ পান্ত।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হ্যাটট্রিক করে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড। ম্যাচে ৬ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে তিনি।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে দেওয়ার পথে রেকর্ডগড়া বোলিংয়ে ৯ রানে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। কিন্তু তার র্যাঙ্কিংয়ে কোনো বদল আসেনি। আগের মতোই দশম স্থানে অস্ট্রেলিয়ান পেসার।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অস্ট্রেলিয়ারই পাঁচজন- প্যাট কামিন্স (তৃতীয়), জশ হেইজেলউড (চতুর্থ), বোল্যান্ড (ষষ্ঠ), ন্যাথান লায়ন (অষ্টম) ও স্টার্ক (দশম)। আগের মতোই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
স্যাবাইনা পার্কে বল হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ (১৫ ধাপ এগিয়ে ১৪তম), জাস্টিন গ্রিভস (১৫ ধাপ এগিয়ে ৬৫তম) ও আলজারি জোসেফ (২ ধাপ এগিয়ে ২৯তম)। আর ভারতের ওয়াশিংটন সুন্দার ১২ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
আরও পড়ুন:
