১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নাওয়াজকেই প্রমাণ করতে হবে, যে তাদের কোচের মাথা খারাপ হয়নি’

পাকিস্তানের বর্তমান দল তাদের অতীতের দলের ধারেকাছেও নেই বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি।

‘নাওয়াজকেই প্রমাণ করতে হবে, যে তাদের কোচের মাথা খারাপ হয়নি’
সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

পাকিস্তান দলের শক্তি নিয়ে আলোচনা করার সময় মোহাম্মদ নাওয়াজকে বিশ্বের সেরা স্পিনার বলেন মাইক হেসন, যা ‘পাগলের প্রলাপ’ মনে করছেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তান কোচের মাথা যে খারাপ হয়ে যায়নি সেটা প্রমাণ করার জন্য নাওয়াজকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

এশিয়া কাপ অভিযান শুরুর আগের দিন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের নানা দিক নিয়ে কথা বলেন হেসন। নাওয়াজের ধারাবাহিক পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করে তখন তিনি বলেন, “এই মুহূর্তে সে বিশ্বের সেরা স্পিনার। দলের ফেরার পর থেকে সে একইরকম খেলছে।”  

লম্বা একটা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর গত জুলাইয়ে বাংলাদেশ সফর দিয়ে ফেরেন নাওয়াজ। এরপর থেকে বাঁহাতি স্পিনে দারুণ সব পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং উপহার দেন নাওয়াজ এই সময়েই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে স্রেফ ৬৬ রানে গুটিয়ে দেওয়ার পথে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার পান পাঁচ উইকেটের স্বাদ। শুধু তাই নয়, ওই দিন দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিকও করেন তিনি। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে গড়েন এই সংস্করণে হ্যাটট্রিক করার কীর্তি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ২ ওভারে ১৩ রান দিয়ে এক শিকার ধরেন নাওয়াজ। ম্যাচটি ৯৩ রানে জিতে আসরে পথচলা শুরু করে পাকিস্তান।

সব মিলিয়ে, দলে ফেরার পর এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টি খেলে ২১ উইকেট নিয়েছেন নাওয়াজ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে থাকা বোলার এই সময়ে ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় সাড়ে ছয় করে।

দুবাইয়ে রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই লড়াই ঘিরে আলোচনা-উত্তেজনা তুমুল। সম্প্রতি আনন্দ বাজারকে দেওয়া সাক্ষাৎকারে দুই দলের শক্তি-সামর্থ্য নিয়ে কথা বলেন সৌরভ।

সেই আলোচনা সাংবাদিক শুরু করেছিলেন এই বলে যে, “পাকিস্তানের কোচ মাইক হেসন দাবি করেছেন যে তাদের দলে বিশ্বের সেরা স্পিনার রয়েছে।”   

সঙ্গে সঙ্গে সৌরভ বলেন, “সেই স্পিনারটা কে?” মোহাম্মদ নাওয়াজের নাম বলেন সাংবাদিক। সৌরভ একটু খোঁচা দিয়ে বলেন, “ঠিক আছে। তাহলে ওই স্পিনারকেই এবার প্রমাণ করতে দিন যে তাদের কোচের মাথা খারাপ হয়ে যায়নি।”

এরপর পাকিস্তান দলের শক্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ।

“(পাকিস্তান দলের) মান অনেক খারাপ হয়ে গেছে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাইদ আনোয়ার, ইনজামাম-উল-হাক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ; সবাই বিশ্ব-মানের ক্রিকেটার। আর এখন দেখুন কারা পাকিস্তানের হয়ে খেলছে। মাফ করবেন, শাহিন শাহ আফ্রিদি ও ওয়াসিম আকরাম এক মানের নয়। প্রতিভার দিক থেকে দুই দলের (পাকিস্তানের অতীত ও বর্তমান দল) মধ্যে কোনও তুলনা হতে পারে না।”

“বাবর আজম নেই। রিজওয়ান নেই। সেই ছেলেটা আছে, ফাখার জামান। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ আছে। সত্যিই বলতে, কোথায় ছিল ওয়াসিম-ওয়াকার ও শোয়েব, আর কোথায় শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফ? প্রতিভার দিক থেকে কোনো মিল নেই।”