Published : 17 Feb 2026, 08:40 PM
কোয়ার্টার-ফাইনালে খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে ২০ ওভার বোলিং করে উইকেট ছিল কেবল একটি। তবে সেমি-ফাইনালে বল হাতে জ্বলে উঠলেন মোহাম্মদ শামি। অভিজ্ঞ ভারতীয় পেসার এবার এক ইনিংসেই নিলেন আট উইকেট!
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলার হয়ে জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে প্রথম ইনিংসে ২২.১ ওভারে ৯০ রানে ৮ উইকেট নিয়েছেন শামি।
স্বীকৃত ক্রিকেটের যেকোনো সংস্করণে এই প্রথম এক ইনিংসে এত উইকেট নিতে পারলেন ৩৫ বছর বয়সী এই সুইং বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সেরা বোলিং ছিল ৭৯ রানে ৭ উইকেট, ২০১২-১৩ মৌসুমে বাংলার হয়ে মধ্য প্রদেশের বিপক্ষে।
বাংলা ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে শামির দল করে ৩২৮ রান। কোয়ার্টার-ফাইনালে ২৯৯ রানে আউট হওয়া সুদিপ কুমার ঘরামি এবার খেলেন ১৪৬ রানের ইনিংস।
ম্যাচের তৃতীয় দিন মঙ্গলবার জাম্মু ও কাশ্মীরকে ৩২৮ রানে থামিয়ে বাংলাকে ২৬ রানের মূল্যবান লিড এনে দেন শামি। নতুন বলে গতি ও সুইংয়ে প্রতিপক্ষের দুই ওপেনারকে এলবিডব্লিউ করেন তিনি। পরে বিদায় করেন আরও ছয় ব্যাটসম্যানকে।
বাংলার লিড পাওয়ার স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্রেফ ৯৯ রানে গুটিয়ে যায় তারা। ১২৬ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে ৪৩ রান করে জাম্মু ও কাশ্মীর।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন শামি। ৬৪ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ওই বছরের ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের পর চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন শামি। দীর্ঘ পুনর্বাসন শেষে দলে ফেরেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর আর তিনি দলে সুযোগ পাননি।
ঘরোয়া ক্রিকেটে অবশ্য ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন শামি। রাঞ্জি ট্রফির গত মৌসুমে বাংলার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনিই ছিলেন দলটির সর্বোচ্চ উইকেটশিকারি।
এবারের রাঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত ১৩ ইনিংসে তিনি নিয়েছেন ৩৬ উইকেট। আসরে পেসারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল জাম্মু ও কাশ্মীরের আকিব নাবি, ৫৫টি।
শামিকে জাতীয় দলে না ফেরানো নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তিনি ৮ উইকেট পাওয়ার পর সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিশ্বকাপ যখন চলছে, তখন ভারতের সেরা ফাস্ট বোলারদের একজন মোহাম্মদ রাঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করছেন। সেমি-ফাইনালে ৮ উইকেট।”